ধর্ষণের প্রমাণ দিতে হবে নন্দাকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলোক নাথ ও বিনতা নন্দা
অলোক নাথ ও বিনতা নন্দা

১৯ বছর আগের ধর্ষণের এবার প্রমাণ দিতে হবে ভারতীয় চিত্রনাট্যকার ও পরিচালক বিনতা নন্দাকে। এর জন্য ডাক্তারি পরীক্ষা করাতে বলা হয়েছে তাঁকে। এভাবেই অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে মামলার প্রত্যুত্তর পেলেন ‘#মি টু’ আন্দোলনের মামলাকারীদের একজন।

গত ১৯ অক্টোবর মুম্বাই পুলিশের কাছে অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন বিনতা নন্দা। তিনি জানিয়েছেন, ১৯ বছর আগে অলোক নাথের বাড়িতে এক অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। গত ৮ অক্টোবর ফেসবুকে ঘটনাটি লিখে তিনি জানিয়েছিলেন, গত ১৯ বছর এই দিনের অপেক্ষায় ছিলেন তিনি। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়। গত রোববার সেই অভিযোগের উত্তর এসেছে নন্দার কাছে। ঘটনার তদন্তের সুবিধার্থে তাঁকে ডাক্তারি পরীক্ষা করানোর আহ্বান জানানো হয়।

অলোক নাথ
অলোক নাথ

নন্দা বলেন, ‘আমি পুলিশের কাছে অভিযোগ করেছিলাম। তিন সপ্তাহ পর গত সপ্তাহে তারা ফোনে আমাকে জানায়, তারা অভিযোগ নেবে। তবে তদন্তের সুবিধার্থে আমাকে অবশ্যই ১৯ বছর আগের সেই ঘটনার ডাক্তারি পরীক্ষা করাতে হবে। আমি ভেবেছিলাম, অভিযোগ করায় অলোক নাথকে অন্তত গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। তা না করে বরং উল্টো আমাকে বলা হয়েছে ডাক্তারি পরীক্ষা করাতে।’

‘#মি টু’ আন্দোলনের অংশ হিসেবে লেখিকা ও পরিচালক বিনতা নন্দা মুখ খুলেছিলেন বটে, কিন্তু পুলিশের কাছে যাওয়ার সাহস পাচ্ছিলেন না। তিনি বলেন, ‘আমরা অলোকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে তিনি কিছুই করতে পারবেন না। পুলিশের কাছে যাওয়ার কোনো উপায় ছিল না আমার, সাহসও ছিল না। পরে সাহস সঞ্চয় করে ঘটনাটি ফেসবুকে লিখি।’

বিনতা নন্দা
বিনতা নন্দা

১৯ বছর আগের অন্যায় ক্ষমা করতে প্রস্তুত ছিলেন বিনতা নন্দা। তবে একটাই শর্ত, নিজের কাজের জন্য অনুতপ্ত হতে হবে অলোক নাথকে এবং প্রকাশ্যে সেই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। নন্দা বলেন, ‘আমি ধর্ষণের শিকার হয়েছিলাম, তবে এখন সেটার প্রতিশোধ নিতে চাইছি না। কেবল দৃষ্টান্ত তৈরি করতে চাইছি। অলোক তাঁর অন্যায়ের জন্য যাতে অনুতপ্ত হয়, আমি সেটাই দেখতে চাই। আমি চেয়েছি, যে অন্যায় আমার সঙ্গে হয়েছে, সেটা যেন অন্য কারও সঙ্গে না হয়।’ টাইমস অব ইন্ডিয়া