ধাঁধায় বাঁধা ছবির নাম

‘মউজি ভাইয়া যত সামনে যায়, লেজখানি তার খাটো হয়’—বলুন তো এই ধাঁধার জবাব কী? বলিউড তারকা আনুশকা শর্মা দিয়েছেন এই ধাঁধা। তিনি প্রথমে টুইটারে এই ধাঁধার জট খুলতে বলেন অভিনেতা বরুণ ধাওয়ানকে। ধাঁধার জট খুলতে গিয়ে বেরিয়ে আসে নতুন এক বলিউড ছবির নাম। টুইটারে দর্শকদের এভাবেই ধাঁধায় বেঁধে আনুশকা-বরুণ তাঁদের নতুন ছবির ঘোষণা দেন।
শুরুতে এই ধাঁধা ছুড়ে দিয়ে জবাব খোঁজার জন্য বরুণকে রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন আনুশকা। রাত ঠিক ১২টায় বরুণ ধাঁধার সেই জবাব বের করে লেখেন, ‘ধাঁধার জবাব হলো—সুই ধাগা। আমি জানি, এই জবাবটা আনুশকার জন্য এই মুহূর্তে বিশেষ একটা ব্যাপার, তাই না?’ পাল্টা টুইটে বরুণকে ১০০-তে ১০০ দেন আনুশকা। লেখেন, ‘চল এই খুশিতে আমরা একটা সিনেমাই বানিয়ে ফেলি। দারুণ হবে না ব্যাপারটা?’ বরুণ এরপর টুইটে লেখেন, ‘এখন ঘুমাতে যাব! তোমার সঙ্গে সিনেমাতে কাজ করতে পারলে বেশ ভালো লাগবে।’
এভাবেই ধাঁধা আর টুইটের মধ্য দিয়ে সুই ধাগা সিনেমার ঘোষণা দেন আনুশকা ও বরুণ। ছবিটির ব্যাপারে পরে আরেকটি টুইটে বিস্তারিত তথ্য প্রকাশ করেন বলিউড বিশ্লেষক তরণ আদর্শ। তিনি জানান, এই ছবি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ হবে। ছবির পুরো নাম সুই ধাগা: মেড ইন ইন্ডিয়া। পরিচালনা করবেন শরৎ কাটারিয়া এবং প্রযোজনা করবেন মনিশ শর্মা। আগামী বছরের প্রথম দিকে শুরু হবে শুটিং। ২০১৮ সালের অক্টোবরে ছবিটি মুক্তি পাবে রুপালি পর্দায়। সূত্র: হিন্দুস্তান টাইমস।