ধানুশের মোশন পোস্টারে ইউটিউবে ঝড়

দক্ষিণী তারকা ধানুশের পরবর্তী ছবির মোশন পোস্টার প্রকাশের ২৪ ঘণ্টায় ১ লাখ ৮০ হাজার বার দেখা হয়েছে। ‘কোডি’ নামের এ ছবিটি একটি রাজনৈতিক থ্রিলারধর্মী সিনেমা।
বুধবার ছবিটির মোশন পোস্টার ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই ২৪ ঘণ্টায় দেখা হয়েছে ১ লাখ ৮০ হাজার বার। এ পর্যন্ত দুই দিনে দেখা হয়েছে ৪ লাখ ৯৭ হাজারের বেশি বার। ইউটিউবে মোশন পোস্টারে এমন ঝড় তোলায় ছবির কলাকুশলীরা বক্স অফিস সাফল্যের আশা করতেই পারেন।
আর এস দুরাই সেনথিলকুমার পরিচালিত এ ছবিতে ধানুশের রয়েছে দ্বৈত চরিত্র। ছবিটিতে আরও অভিনয় করেছেন তৃশা কৃষ্ণান ও অনুপমা পরমেশ্বরান। তৃশা ছবিটিতে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে সংগীত করেছেন সন্তোষ নারায়ণন।
এই দিওয়ালিতে ছবিটির মুক্তির কথা আছে। ধানুশ প্রযোজিত ছবি ‘বিসারানি’ ২০১৭ অস্কার আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র শাখায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে। সব মিলিয়ে ধানুশের জয়জয়কারই চলছে। ‘বিসারানি’র গল্প বেড়ে উঠেছে উপন্যাস ‘লক আপ’ অবলম্বনে। অটোরিকশা ড্রাইভার থেকে লেখক হয়ে ওঠা এম চন্দ্রকুমার উপন্যাসটি লিখেছেন। হিন্দুস্তান টাইমস