ধূমপান ছাড়লেন নওয়াজউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজউদ্দিন
নওয়াজউদ্দিন

নওয়াজউদ্দিন সিদ্দিকি যে ধূমপান ছাড়ার চেষ্টা করছেন তা জানিয়েছিলেন বছরখানেক আগেই। ‘মাঝি দ্য মাউন্টেন ম্যান’ ছবিতে অসাধারণ অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন এই অভিনেতা। সে সময় টুইটারে নওয়াজউদ্দিন সম্পর্কে শত্রুঘ্ন সিনহা লিখেছিলেন, ‘নওয়াজউদ্দিন এ শতকের সেরা আবিষ্কার’। সম্প্রতি ধূমপান ছেড়ে দিয়েছেন নওয়াজউদ্দিন।
কিছুদিন আগে গলায় সংক্রমণের কারণে (ইনফেকশন) হাসপাতালে ভর্তি হয়েছিলেন নওয়াজউদ্দিন। সেখানে টানা কয়েক দিন ধূমপান ছাড়াই থাকতে হয়েছিল তাঁকে। যদিও এর আগে থেকেই ধূমপানের অভ্যাস ত্যাগ করার জন্য চেষ্টা করছিলেন তিনি। কিন্তু এবারে হাসপাতালে বেশ কয়েক দিন ধূমপান না করে থাকার পর বাইরে এসেও টানা দুই সপ্তাহ ধূমপান করেননি তিনি।
এ প্রসঙ্গে নওয়াজউদ্দিনের ভাই জানিয়েছেন, প্রায় টানা ছয় মাস নওয়াজ কোনো ছুটি পাননি। এই নভেম্বরের ১৪ তারিখ থেকে তাঁর শুটিং শুরু হবে। আর এ কারণেই তিনি এখন বিশ্রাম নিচ্ছেন। তিনি বলেন, নওয়াজ মাঝে দিন ছয়েকের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সে সময় ধূমপানের কোনো সুযোগ ছিল না। আর এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজ। তিনি আরও বলেন, ধূমপানের অভ্যাস ত্যাগ করার পাশাপাশি তাঁর জীবনযাপনেও পরিবর্তন এনেছেন নওয়াজউদ্দিন। রোজ জিমে যাওয়া ছাড়াও শরীর ঠিক রাখতে প্রতিদিন তিনি হাঁটছেনও।
‘মাঝি দ্য মাউন্টেন ম্যান’ ছবিতে ‘দশরথ মাঝি’ চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন। বাস্তবে তাঁর বেড়ে ওঠাও এই দশরথ মাঝির জীবনের মতোই। এক সাধারণ কৃষক পরিবারের সন্তান নিজেকে আজ প্রতিষ্ঠিত করেছেন বলিউডে। সর্বশেষ সালমান খানের ‘বজরঙ্গী ভাইজান’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন এই অভিনেতা। টিএনএন। এনডিটিভি।