ধোনির বায়োপিকে নেই জন এব্রাহাম

‘ঢিশুম’ ছবি নিয়ে এখন দারুণ আলোচিত জন এব্রাহাম। এই অ্যাকশন ছবিতে জনের অসাধারণ অভিনয় মন কেড়ে নিয়েছে অসংখ্য দর্শকের। ফলে বেশ খোশমেজাজেই আছেন এই তারকা। কথাপ্রসঙ্গেই জন বলেছেন, ধোনির জীবনী নিয়ে যে ছবি হচ্ছে বলিউডে, তাতে অতিথি চরিত্রে তিনি অভিনয় করছেন না।
বলিউডে এখন জীবনীভিত্তিক চলচ্চিত্রের মৌসুম চলছে। একের পর এক বায়োপিক তৈরি হচ্ছে। মিলখা সিং, ম্যারি কম, আজহারউদ্দিনের পর সুলতানকে নিয়ে ছবি হয়েছে। এরই ধারাবাহিকতায় নিরাজ পান্ডে তৈরি করছেন ‘এমএস ধনি—দ্য আনটোল্ড স্টোরি’ নামে একটি ছবি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জন এব্রাহাম বলেছেন, ‘আমি আসলে এ ছবির বিষয়ে কিছু জানিই না। আমি এই ছবিতে অভিনয় করছি না।’ মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। ছবিতে আরো দেখা যাবে অনুপম খের, ভূমিকা চাওলা, কিয়ারা আনভানি প্রমুখকে। এ বছরের ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে বলে আশা করছেন ছবির পরিচালক। টাইমস অব ইন্ডিয়া