নওয়াজউদ্দিনের বিরুদ্ধে মামলা করবেন স্ত্রী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী অঞ্জলি নওয়াজের সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকি
স্ত্রী অঞ্জলি নওয়াজের সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকি

স্ত্রী অঞ্জলি নওয়াজের পেছনে নাকি গোয়েন্দা নিয়োগ করেছিলেন বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। স্ত্রীর ফোনকলের বিস্তারিত চেয়েছিলেন সেই গোয়েন্দার কাছ থেকে। এ ছাড়া এই গোয়েন্দার মাধ্যমে স্ত্রীর ওপর নজরদারি চালান। স্ত্রী কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন—এসব তথ্য রেকর্ড-প্রমাণসহ নিয়েছেন ব্যক্তিগতভাবে নিযুক্ত সেই গোয়েন্দার কাছ থেকে। আর এসব তথ্য পুলিশ জানতে পেরেছে গোয়েন্দাদের কাছ থেকে। সম্প্রতি থানে পুলিশের অপরাধ দমন শাখা ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই ব্যক্তিগতভাবে নিযুক্ত গোয়েন্দা। তাঁদের মধ্যে একজন পুলিশকে জানান, নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম লিখেছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করার জন্য নওয়াজউদ্দিনকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ। এর আগে তিনবার তাঁকে অপরাধ দমন বিভাগে যোগাযোগ করার জন্য ডাকা হয়। কিন্তু নওয়াজউদ্দিন সেখানে যাননি। গত শুক্রবার থানে পুলিশ জানিয়েছে, নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে সমন পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, বেআইনিভাবে ফোনকলের তথ্য বিক্রির জন্য গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন ৩০ থেকে ৫০ হাজার রুপি পর্যন্ত নিয়ে থাকেন। আর এই চক্র ব্যক্তিগতভাবে নিযুক্ত গোয়েন্দাদের কথামতো কাজ করে।

এদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভিত্তিহীন বলেছেন। গতকাল শনিবার বিকেলে টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘গত শুক্রবার রাতে আমি আমার মেয়ে স্কুলের হাইড্রোলিক পাওয়ার জেনারেটরের প্রজেক্ট তৈরিতে সাহায্য করছিলাম। আজ সকালে মেয়ের প্রোজেক্ট প্রেজেন্টেশন দেখতে ওর স্কুলে গিয়েছি। তারপর এই ভিত্তিহীন অভিযোগ নিয়ে সংবাদমাধ্যম আমাকে প্রশ্ন করেছে। সব শুনে আমি অবাক! বিরক্তিকর।’

গতকাল শোনা গেছে, নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে এবার তাঁর স্ত্রী অঞ্জলি নওয়াজ মামলা করবেন। তাঁর ব্যক্তিগত জীবনের ওপর হস্তক্ষেপ করার অভিযোগ আনছেন স্বামীর বিরুদ্ধে। কিন্তু আজ রোববার সকালে মুজাফ্‌ফরনগরে নওয়াজউদ্দিন সিদ্দিকির পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অঞ্জলি নওয়াজ তাঁর স্বামীর বিরুদ্ধে এ ধরনের কোনো মামলা করবে না। যা শোনা যাচ্ছে, পুরোটাই গুজব।

নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই ফয়েজউদ্দিন সিদ্দিকি জানিয়েছেন, আজ সকাল পর্যন্ত থানে পুলিশের কাছ থেকে তাঁরা কোনো সমন পাননি। নওয়াজউদ্দিন আর তাঁর স্ত্রী একসঙ্গে আছেন। গতকাল সকালে তাঁরা মেয়ের সঙ্গে তার স্কুলে গিয়েছিলেন।

সংবাদমাধ্যম থেকে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরে কল দেওয়া হলেও তাঁর ব্যবস্থাপক অনুপ পান্ডে তা রিসিভ করেন। তিনি জানান, নওয়াজউদ্দিন সিদ্দিকি এখানে নেই। মেয়ের স্কুলের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি জয়সেলমারে চলে গেছেন।

এর আগে গত বছর অক্টোবরে নওয়াজউদ্দিন সিদ্দিকির আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ: এ মেমোয়ার’ অনলাইনে প্রকাশিত হওয়ার ছয় দিনের মাথায় তা প্রত্যাহারের ঘোষণা দেন লেখক নিজেই। লেখকের বিরুদ্ধে অভিযোগ, তিনি আত্মজীবনীতে মিথ্যাচার করেছেন। আর এই অভিযোগ করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির সাবেক দুই প্রেমিকা নীহারিকা সিং ও সুনিতা রাজওয়ার। তাঁদের অভিযোগ, বইয়ের কাটতি বাড়ানোর জন্য জীবনের গল্পগুলোয় রং-মসলা মাখিয়েছেন নওয়াজউদ্দিন। নীহারিকা সিংয়ের পক্ষে আইনজীবী গৌতম গুলাটি ভারতের জাতীয় নারী কমিশনে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ করেন।

এরপর ৩০ অক্টোবর সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নওয়াজউদ্দিন লেখেন, ‘আমার স্মৃতিকথা ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এই বইয়ের বিভিন্ন তথ্য যাঁদের অনুভূতিতে আঘাত দিয়েছে, আমি তাঁদের সবার কাছে ক্ষমাপ্রার্থী। আর এ কারণে আমি আত্মজীবনীটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

২ মার্চ চীনে মুক্তি পেয়েছে বলিউড তারকা সালমান খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি। মাত্র এক সপ্তাহেই ছবিটি সেখানে ১০০ কোটি রুপি আয় করেছে। চীনের চলচ্চিত্র পরিবেশক প্রতিষ্ঠান ই স্টারস ফিল্মস লিমিটেডের সহযোগিতায় ইরোস ইন্টারন্যাশনাল চীনের আট হাজার প্রেক্ষাগৃহে মুক্তি দেয় ছবিটি।