নওয়াজুদ্দিন ওয়ান-টেক অভিনেতা

সালমানের প্রশংসা যদি মেলে, তবে বলিউডে আর কী চাই! অথচ যিনি পেলেন, তাঁকে একসময় একটি ছোট চরিত্রের জন্য ধরনা দিতে হয়েছিল সিনেপাড়ার দরজায় দরজায়। নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা বলছি। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত তারকাকে ‘ওয়ান টেক’ অভিনেতা হিসেবে মনে করেন স্বয়ং বলিউড সুলতান সালমান খান।
সোহেল খান পরিচালিত এই সিনেমায় নওয়াজ আছেন মূল চরিত্রে। ছবিতে যাকে প্রথমে অন্তর্বাস বিক্রেতা হিসেবে দেখা যায়। তিনি অবশ্য দুটি ভূমিকায় থাকবেন; একজন স্থানীয় গুন্ডা, যিনি ক্রিকেট খেলেন এবং পরে গলফ খেলার সঙ্গে যুক্ত হন।
নওয়াজ বলেন, ‘আমি আগে কখনো গলফ খেলিনি। এটা একটি টেকনিক্যাল খেলা এবং এটা আমাকে শিখতে হয়েছিল। আমি খেলাটি প্রচুর অনুশীলন করেছি। আমি ১০-১২ দিন গলফ অনুশীলন করেছি।’
‘ফ্রিকি আলি’ সিনেমার একটি দৃশ্যে অন্তর্বাস বিক্রির একটি সংলাপ আওড়ানো বেশ কঠিন ছিল। ‘ফ্রিকি আলি’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নওয়াজ বলেন, ‘অন্তর্বাস বিজ্ঞাপনের সংলাপটি ছিল বেশ কঠিন। আমি শটটি নেওয়ার আগে খুব সকালে মহড়া করেছি।’
ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে নওয়াজ একটি সংলাপ একনাগাড়ে বলতে থাকেন। সালমানও ছিলেন ওই অনুষ্ঠানে। এ অবস্থা দেখে তিনি তাঁর হাসি থামাতে পারছিলেন না। সালমান বলেন, ‘এ কারণেই আমরা নওয়াজুদ্দিনকে নিয়েছি। ও আসলেই পাগলা। ও আপনাকে এই শট এক টেকেই দেবে। আমি যদি এটি করতাম, তবে ৫০টি টেক লাগত। যদিও আমি আবার এ রকম কখনোই করতে পারতাম না।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।