নওয়াজুদ্দিনও আত্মহত্যা করতে চেয়েছিলেন

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেকেই বলিউডের স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, নিজেদের বিষণ্ণতা নিয়ে কথা বলতে শুরু করেছেন। কঙ্গনা রনৌত, অভিনব কশ্যপ, আয়েশা টাকিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীও। বলেছেন শুরুর দিকের কথা, যখন হতাশায় মুষড়ে পড়েছিলেন তিনি। একবার আত্মহত্যা করবেন বলেও ঠিক করেছিলেন।
ভারতের এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন জানান, তিনি কখনো তারকা হতে চাননি। তিনি কেবল অভিনেতা হতে চেয়েছেন। অন্যকিছু নয়, কেবল অভিনয় করেই খেতে চেয়েছিলেন। ক্যারিয়ারের শুরুতে দীর্ঘ সময় এমন গেছে যে বেঁচে থাকার জন্য কেবল খাবারের চিন্তা করেছেন তিনি। প্রায় ১০ বছর তিনি অভিনয়ের চেষ্টার পাশাপাশি নানা কিছু করেছেন, যেগুলো কেবল জীবন বাঁচিয়ে রাখার তাগিদে। ১০ বছর সময় লেগেছে নওয়াজের, মানুষকে বিশ্বাস করাতে যে তিনি অভিনয় পারেন। এই সময়েই একদিন মুষড়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন নওয়াজুদ্দিন। তিনি বলেন, 'যখন মানুষ বড় স্বপ্ন দেখতে শুরু করে, তখনই মানুষ হতাশ হয়, ভেঙে পড়ে। এমনও সময় গেছে, আমি কেবল খাবারের জন্য হেঁটে হেঁটে নানা বাহানায় বন্ধুবান্ধব আর পরিচিতদের বাসায় গেছি। এমনও দিন গেছে, আমি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছি। দেড় বছর আমার কোনো চাকরি ছিল না, কোনো কাজ ছিল না, কোনো টাকা ছিল না, কোনো খাবার ছিল না। আমি কেবল বেঁচে থাকার চিন্তা করেছি। মরার চিন্তাও করেছি। আমি তখন শারীরিকভাবেও অনেক দুর্বল হয়ে গেছি। চিন্তায় আর ঘুমের অভাবে আমার মাথার চুল পড়ে গেছে। আমার মনে হচ্ছিল, আত্মহত্যা না করলেও আমি এমনিতেই মরে যাব।'