নতুন উদ্যমে শুরু করছেন শাহরুখপুত্র আরিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিয়ান খান
কোলাজ

এক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান। মাদককাণ্ড মামলায় প্রায় এক মাস জেলে ছিলেন এই তারকাপুত্র। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন আরিয়ান। তিনি আবার ছবি নির্মাণের দিকে মনোনিবেশ করতে চলেছেন।
জানা গেছে, আরিয়ানের এখন চেষ্টা, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা। শিগগিরই তিনি বলিউডের নামকরা প্রযোজনা সংস্থার এক খ্যাতনামা পরিচালকের সহকারী হিসেবে কাজ করবেন। পাশাপাশি চিত্র নির্মাণের কাজ শিখবেন।

ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম

আগে আরিয়ানের পরিকল্পনা ছিল, বলিউডে অভিষেকের আগে তিনি বিদেশের কোনো নামকরা পরিচালকের সহকারী হিসেবে কাজ করবেন আর ছবি নির্মাণ সম্পর্কে খুঁটিনাটি শিখবেন। তবে মাদককাণ্ড মামলার পর শাহরুখপুত্র বিদেশে যেতে পারবেন না। জামিনের শর্ত হিসেবে আরিয়ানকে তাঁর পাসপোর্ট এনসিবির দপ্তরে জমা রাখতে হয়েছে। তাই এখন বলিউডেই ছবি নির্মাণের কাজ হাতেকলমে শিখবেন এই তারকাপুত্র।

আরিয়ান খান
ছবি: ইনস্টাগ্রাম

যশরাজ ফিল্মসের মালিক আদিত্য চোপড়া আর ধর্মা প্রোডাকশনের প্রধান করণ জোহরের সঙ্গে শাহরুখ খানের ঘনিষ্ঠ সম্পর্ক। আর তাই খবর যে এই দুই প্রযোজনা সংস্থার মধ্যে কোনো এক সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন আরিয়ান। আবার এ–ও শোনা যাচ্ছে যে আরিয়ান তাঁর বাবার আগামী ছবি ‘পাঠান’ এর সঙ্গী হবেন। এমনিতে শাহরুখ চান ছেলেকে চোখে চোখেই রাখতেন। মাদককাণ্ড মামলার পর এই সুপারস্টার আরিয়ানকে নিয়ে রীতিমতো চিন্তায় থাকেন। ‘পাঠান’ ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।