নতুন জুটিতে রমরমা বলিউড

সিদ্ধার্থ মালহোত্রা-ক্যাটরিনা কাইফ
ছবি: ‘বারবার দেখো’
এরই মাঝে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ ও ক্যাটরিনা অভিনীত ‘বারবার দেখো’। এই ছবিতে প্রথমবারের মতো পর্দায় রোমান্স করেছে এই জুটি। ধর্ম প্রডাকশনের ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন নিত্য মেহরা। রুপালি পর্দায় এ জুটির রোমান্সে মুগ্ধ বলিউড দর্শক।

সুশান্ত সিং রাজপুত-দিশা পাতানি
ছবি: ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির জীবনীভিত্তিক ছবিতে জুটি বেঁধেছেন সুশান্ত সিং রাজপুত ও দিশা পাতানি। সুশান্তকে দেখা যাবে ধোনির চরিত্রে। দিশা অভিনয় করছেন ধোনির বান্ধবীর চরিত্রে। এরই মধ্যে ছবিটির গান বেশ প্রশংসিত হয়েছে। বলিউডের রুপালি পর্দায় এই নতুন জুটিও থাকছে চমক হিসেবে। ছবিটি ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে।

হর্ষবর্ধন কাপুর ও সাইয়্যামি খের
ছবি: ‘মিরজায়া’
বিখ্যাত পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা দুই নতুন মুখ নিয়ে তৈরি করেছেন ‘মিরাজায়া।’ আগামী মাসে মুক্তির কথা আছে ছবিটির। ছবিটি দিয়ে বলিউডে যাত্রা করল অনিল কাপুর-তনয় হর্ষবর্ধন কাপুর। পর্দায় তাঁর সঙ্গে দেখা যাবে নতুন মুখ সাইয়্যামি খেরকে। ‘রং দে বাসন্তী’র মতো হয়তো কোনো চমক আসছে মেহরার হাত ধরে। ছবিটি মুক্তি পর্যন্ত তাই অপেক্ষা করতে হচ্ছে বলিউড-ভক্তদের। ছবির গল্প পাঞ্জাবি লোকজ কাহিনি নিয়ে।

রণবীর কাপুর ও ঐশ্বরিয়া রাই
ছবি: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’
পুরোনো অভিনেতাদের নতুন জুটিতে বেঁধে কী উপহার আনছেন করন জোহর? সে উত্তর জানতে অপেক্ষা করতে হবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। ওই দিন মুক্তি পাবে ছবিটি। রণবীর কাপুর ও ঐশ্বরিয়া রাইকে রুপালি পর্দায় প্রথমবারের মতো প্রেমের মঞ্চে দেখবেন দর্শক। ইতিমধ্যে ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ বলিউড অঙ্গন। এখন দেখার অপেক্ষা ৩৩ বছরের রণবীর আর ৪২ বছরের ঐশ্বরিয়া কী আনছেন নতুন করে।

ফারহান আখতার ও শ্রদ্ধা কাপুর
ছবি: ‘রক অন টু’
‘ভাগ মিলখা ভাগ’ দিয়ে অভিনয়ে জাত জিনিয়েছেন ফারহান আখতার। ওদিকে ‘আশিকি টু’ আর ‘বাঘি’ মিলে শ্রদ্ধা কাপুরের জয়জয়কার। দুজনকে দেখা যাবে ‘রক অন টু’তে। খুব সম্ভব তাঁদের রোমান্টিক দৃশ্যে নাও দেখা যেতে পারে। তাতে কী? তবু রুপালি পর্দায় দুজনকে কেমন নেয় দর্শক, সে তো দেখাই যেতে পারে। আগামী নভেম্বরে ছবিটির মুক্তির কথা আছে।

রণবীর সিং ও বনি কাপুর
ছবি: ‘বেফিকর’
রণবীর সিং ও দীপিকার রসায়নে বেশ বুঁদ বলিউড দর্শক। এবার একটু ভিন্ন আমেজ আসুক রুপালি পর্দায়। রোমান্স জমবে তবে দীপিকার সঙ্গে নয়। রণবীরের সঙ্গে দেখা যাবে বনি কাপুরকে। ইতিমধ্যে চুমু নিয়ে ছবিটি বেশ আলোচনায় এসেছে। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে আদিত্য চোপড়ার এই রোমান্টিক ড্রামা।