নতুন প্রেমে মজেছেন ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফিতুর’ ছবিতে ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর
‘ফিতুর’ ছবিতে ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর

বলিউড তারকা ক্যাটরিনা কাইফের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম হলো না। সালমান খানসহ কত তারকার সঙ্গেই না তাঁর হৃদয় দেওয়া–নেওয়ার কথা প্রচার পেয়েছে বিভিন্ন সময়ে। সর্বশেষ রণবীর কাপুরের সঙ্গে প্রেম ও বিচ্ছেদ সাড়া ফেলেছিল বলিউডে। সব ছাপিয়ে এখন নতুন খবর হচ্ছে, ক্যাটরিনা নতুন করে প্রেমে পড়েছেন।


‘ফিতুর’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর। ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের ধ্রুপদি উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশন’ অবলম্বনে নির্মিত ‘ফিতুর’ ছবিটি বাণিজ্যিকভাবে সফল না হলেও ক্যাটরিনা ও আদিত্যর রসায়ন আগ্রহ তৈরি করেছে দর্শকদের ভেতরে। বিশেষ করে ক্যাটরিনা-আদিত্যর একটি দীর্ঘ চুম্বনদৃশ্য নিয়েও আলোচনা হয়েছে বিস্তর।

এরপর থেকেই তাঁদের দুজনকে নিয়ে বলিউডে গুঞ্জন—দুজন প্রেম করছেন। এ দুই তারকার প্রেমের গুঞ্জনের পক্ষে প্রমাণও রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। যদিও এখন পর্যন্ত ক্যাটরিনা জানিয়েছেন, আদিত্য শুধুই তাঁর বন্ধু।

‘ফিতুর’-এর পর আদিত্য-ক্যাটরিনাকে আবার দেখা যাবে করন জোহরের ‘ড্রিম টিম’ ছবিতে। সম্প্রতি ‘ড্রিম টিম’ ট্যুরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস টনে রয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর। এক সংবাদ সম্মেলনে আদিত্যর ওপর অভিমান করতে দেখা গেছে ক্যাটরিনাকে। ওই দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আদিত্য জানান, যেহেতু ক্যাটরিনা ও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, তাই তাঁদেরকে মানুষের সামনে তুলে ধরার প্রধান দায়িত্ব নিতে হবে গণমাধ্যমকেই। ঠিক সেই সময়ে আদিত্যের ওপর চটে গিয়ে ক্যাটরিনা বলেন, ‘আদিত্য তাঁর (ক্যাটরিনার) কোনো খবরই রাখে না। আমি যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ফেলেছি, সেই কথা জানে না আদিত্য!’ সূত্র: মুম্বাই মিরর ও টাইমস অব ইন্ডিয়া।