নতুন বছর প্রথম দিনে কোথায় তাঁরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট তাঁর বান্ধবীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন ইন্দোনেশিয়ার বালিতে
আলিয়া ভাট তাঁর বান্ধবীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন ইন্দোনেশিয়ার বালিতে

আর মাত্র এক দিন, এরপরই শুরু হবে নতুন বছর। ২০১৮ সালকে স্বাগত জানানোর বাহানায় বলিউডের অনেক তারকা এখন দেশের বাইরে ছুটি কাটাচ্ছেন। পুরোনো বছরের ক্লান্তি ঝেড়ে ফেলতে তাঁরা পছন্দের সব জায়গায় ভ্রমণে বের হয়েছেন। সেখান থেকেই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুন্দর সুন্দর অনেক ছবি প্রকাশ করছেন।

নায়িকা আলিয়া ভাট এখন আছেন ইন্দোনেশিয়ার বালিতে। নতুন বছর তিনি বন্ধুদের সঙ্গে কাটাবেন। বালির সমুদ্রসৈকত থেকে শুরু করে, নাইট ক্লাব—সব জায়গাতেই আলিয়াকে সঙ্গ দিচ্ছেন তাঁর ‘বেস্ট ফ্রেন্ড’ আকাঙ্ক্ষা। আলিয়া ভাটের ইনস্টাগ্রামে চোখ রাখলেই এখন তাঁর ঘুরে বেড়ানোর নতুন নতুন সব ছবি দেখা যাচ্ছে।

ছেলে তৈমুরকে নিয়ে ‘সাইফিনা’ দম্পতি খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন করবেন সুইজারল্যান্ডে
ছেলে তৈমুরকে নিয়ে ‘সাইফিনা’ দম্পতি খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন করবেন সুইজারল্যান্ডে

অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতির দুজনই খুব ভ্রমণপ্রিয়। সুযোগ পেলেই পরিবারসহ নতুন কোনো দেশে ঘুরতে চলে যান। কখনো ছেলেমেয়েকে মুম্বাই রেখে ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’ একাই উড়াল দেন বিদেশে। তাঁদের নতুন বছর শুরু হবে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। এই জুটি এখন কেপটাউনের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন। আর এবার বেড়াতে গিয়ে রীতিমতো শিশু বনে গেছেন টুইঙ্কেল। রাস্তার ধারে একটি গাছের ওপরে উঠে টুইঙ্কেল দুষ্টুমি করার ফাঁকে কোনো এক ভ্রমণসঙ্গী তাঁর ছবি তুলে রেখেছেন। পরে টুইঙ্কেল নিজেই সেই ছবি তাঁর ইনস্টাগ্রামে প্রকাশ করেন।

মাধুরী দীক্ষিত আর আর স্বামী শ্রীরাম নেন নতুন বছর প্রথম সূর্যোদয় দেখবেন জাপানে
মাধুরী দীক্ষিত আর আর স্বামী শ্রীরাম নেন নতুন বছর প্রথম সূর্যোদয় দেখবেন জাপানে

এদিকে সাইফ আলী খান ও কারিনা কাপুর খান এ মাসেই হরিয়ানার পতৌদি প্রাসাদে কয়েক দিনের জন্য আরাম-আয়েশ করে এলেন। সেখানে ছেলে তৈমুরের প্রথম জন্মদিন উদ্‌যাপন করে গত সপ্তাহে মুম্বাই ফিরেই আবার উড়াল দিয়েছেন সুইজারল্যান্ডে। কারিনা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রতিবছর সুইজারল্যান্ডে বেড়াতে না গেলে তাঁর মাথা খারাপ হয়ে যায়। চলতি বছরে ছেলে নিয়ে ‘সাইফিনা’ আরও একবার সুইজারল্যান্ডে যান। এবার এই দেশ থেকে তাঁরা ২০১৭ সালকে বিদায় জানাবেন।

অক্ষয় কুমার আর টুইঙ্কেল খান্না দক্ষিণ আফ্রিকায় ভ্রমণে গেছেন
অক্ষয় কুমার আর টুইঙ্কেল খান্না দক্ষিণ আফ্রিকায় ভ্রমণে গেছেন

এদিকে, বলিউডের কথিত প্রেমিক জুটি সুশান্ত সিং রাজপুত আর কৃতি শ্যানন এখন কোনো এক বরফের দেশে ছুটি কাটাচ্ছেন। তবে, তাঁরা দুজন একা নন; দলবল নিয়েই আনন্দ করে বেড়াচ্ছেন। এই মুহূর্তে তাঁরা কোন দেশে অবস্থান করছেন, সেটি প্রকাশ করেননি। কৃতি ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এই জায়গাটা ছবির মতো সুন্দর।’

শ্রীলঙ্কায় পরিবারের সঙ্গে ছুটির আমেজে জ্যাকুলিন ফার্নান্দেজ
শ্রীলঙ্কায় পরিবারের সঙ্গে ছুটির আমেজে জ্যাকুলিন ফার্নান্দেজ

নায়িকা শিল্পা শেঠি স্বামী রাজ কুন্দ্র আর ছেলেকে নিয়ে নতুন বছর উদ্‌যাপন করতে দুবাই গেছেন। আর জ্যাকুলিন ফার্নান্দেজ ছুটি কাটাচ্ছেন নিজের দেশ শ্রীলঙ্কাতে। শুটিং আর কাজের জন্য এখন বেশির ভাগ সময় মুম্বাইয়ে কাটে এই তারকার। তাই শ্রীলঙ্কায় গিয়ে নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে ইচ্ছামতো মজা করছেন। এই ছুটিতে নাকি কোনো অ্যাডভেঞ্চারই বাদ দেবেন না জ্যাকুলিন।

রাজকুমার রাও ২০১৭ সালকে বিদায় জানাচ্ছেন থাইল্যান্ড থেকে
রাজকুমার রাও ২০১৭ সালকে বিদায় জানাচ্ছেন থাইল্যান্ড থেকে

২০১৭ সাল রাজকুমার রাওয়ের জন্য ছিল খুব শুভ। এ বছরে রয়েছে তাঁর অনেক অর্জন। বছর শেষের সময়কেও স্মরণীয় করে রাখতে বান্ধবী পত্রলেখাকে সঙ্গে নিয়ে তিনি থাইল্যান্ডে ‘পাগলামি’ করতে গেছেন। ইনস্টাগ্রামে নিজেদের ছবি প্রকাশ করে এই তারকা লিখেছেন ‘ম্যাড টাইমস উইথ পত্রলেখা।’

বন্ধুদের সঙ্গে ছবির মতো সুন্দর একটি দেশে আনন্দ করছেন সুশান্ত সিং রাজপুত আর কৃতি শ্যানন
বন্ধুদের সঙ্গে ছবির মতো সুন্দর একটি দেশে আনন্দ করছেন সুশান্ত সিং রাজপুত আর কৃতি শ্যানন

আর মাধুরী দীক্ষিত আর তাঁর স্বামী শ্রীরাম নেনে রওনা হয়েছেন জাপানের পথে। খ্রিষ্টীয় নববর্ষ তাঁরা সেখানেই উদ্‌যাপন করবেন। এদিকে নব দম্পতি আনুশকা শর্মা আর বিরাট কোহলি তাঁদের মুম্বাইয়ের বিবাহোত্তর সংবর্ধনা শেষে উড়াল দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পথে। সেখানে এই জুটির ‘রথ দেখা আর কলা বেচা’ দুই-ই হবে।

পরিবারসহ দুবাই বেড়াতে গেছেন শিল্পা শেঠি। সকালে তাঁর হোটেল রুমের বারান্দা থেকে চায়ের মগে চুমুক দিতে দিতে সমুদ্র দেখছেন।
পরিবারসহ দুবাই বেড়াতে গেছেন শিল্পা শেঠি। সকালে তাঁর হোটেল রুমের বারান্দা থেকে চায়ের মগে চুমুক দিতে দিতে সমুদ্র দেখছেন।

আর সব বলিউডের তারকা যখন ভারতের বাইরে ছুটি কাটাচ্ছেন, তখন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া যুক্তরাষ্ট্র থেকে কেবল ছুটি কাটাতেই ভারতে এসেছেন। এই নায়িকা এখন মুম্বাইয়ে আয়েশ করে দিন কাটাচ্ছেন। এনডি টিভি, হিন্দুস্তান টাইমস