নতুন বছরে উদিতা-মোহিতের ঘরে নতুন অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহিত সুরির সঙ্গে উদিতা গোস্বামী
মোহিত সুরির সঙ্গে উদিতা গোস্বামী

জেহের ছবির অভিনেত্রী উদিতা গোস্বামী ও আশিকি ২ ছবির নির্মাতা মোহিত সুরি টানা নয় বছর প্রেম করার পর গাঁটছড়া বাঁধেন ২০১৩ সালে। নতুন বছরে নতুন অতিথির দেখা পেয়েছেন এই তারকা-নির্মাতা দম্পতি। কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন তাঁরা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মোহিতের মামা বলিউডের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা মহেশ ভাট।
এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় মহেশ ভাট লিখেছেন, ‘ঈশ্বরের কাছ থেকে চমৎকার এক উপহার পেয়েছে মোহিত সুরি ও উদিতা। আকাশ থেকে ফুটফুটে এক মেয়ে নেমে এসেছে তাদের জীবনে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
২০০৩ সালে পাপ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন উদিতা। তাঁর অভিনীত দ্বিতীয় ছবি জেহের মুক্তি পায় ২০০৫ সালে। ছবিটির পরিচালক ছিলেন মোহিত সুরি।
পরবর্তী সময়ে কলিযুগ, ও লামহে, আওয়ারাপান, রাজ-দ্য মিস্ট্রি কন্টিনিউস, ক্রুক, মার্ডার ২ ও আশিকি ২ ছবি পরিচালনা করে দারুণ প্রশংসিত হন মোহিত। ২০১৪ সালটাও চমৎকার কেটেছে তাঁর। তাঁর পরিচালিত এক ভিলেন ছবিটি দারুণ ব্যবসা করেছে। মেয়ের বাবা হওয়ার মধ্য দিয়ে ২০১৫ সালটা দারুণভাবে শুরু করলেন মোহিত। এ বছর মুক্তি পাবে তাঁর পরিচালিত ছবি হামারি আধুরি কাহানি। যৌথভাবে এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মহেশ ভাট ও সাগুফতা রফিক। প্রধান দুটি চরিত্রে আছেন বিদ্যা বালান ও এমরান হাশমি।