নতুন বিপদে সালমান!

গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বিরল প্রজাতির বন্যপ্রাণী হত্যা মামলাও ঝুলছে তাঁর ওপর। এবার খান সাহেবের বিরুদ্ধে ২৫০ কোটি রুপির মানহানির মামলা ঠুকে দিয়েছেন ‘বীর’ ছবির প্রযোজক বিজয় গালানি। তাঁর দাবি, হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি সালমানের কারণে হয়রানির শিকার হয়েছেন তিনি।
সালমানের লেখা কাহিনি থেকে নির্মিত ‘বীর’ ছবিটি মুক্তি পায় ২০১০ সালের জানুয়ারিতে। ছবির নাম ভূমিকায় ছিলেন সালমান। সম্প্রতি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার পেছনের কারণ জানাতে গিয়ে প্রযোজক বিজয় বলেন, ‘সালমানের পরামর্শে আমি ‘‘বীর’’ ছবিটি প্রযোজনা করি। ছবিতে সালমানকে চুক্তিবদ্ধ করার জন্য ১০ কোটি রুপি দিতে রাজি হই। এ ছাড়া ছবি ভালো ব্যবসা করলে লাভের অংশ থেকে তাঁকে আরও ১৫ কোটি রুপি দেব বলে অঙ্গীকার করি। বিষয়টি নিয়ে ছবির পরিবেশক সংস্থা ইরস ইন্টারন্যাশনাল, সালমান এবং আমার মধ্যে একটি চুক্তি হয়।’
বিজয় আরও বলেন, ‘কিন্তু ‘‘বীর’’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ২০১০ সালের মার্চে সালমানের অফিস থেকে আমাকে একটি চিঠি পাঠিয়ে ছবির লভ্যাংশ প্রদানের চুক্তিপত্রটি দেখাতে বলা হয়। এক মাসের মাথায় আমাকে আরেকটি চিঠি পাঠিয়ে অর্থ চাওয়া হয়। পরে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন বরাবরও একটি চিঠি পাঠান সালমান। শুরুতে সংগঠনটি আমার পক্ষ নেয়। কিন্তু সালমান ক্ষুব্ধ হলে তাঁকে খুশি করার জন্য উল্টো আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সংগঠনটি। একটি চিঠির মাধ্যমে বলা হয়, কাজ করতে গেলে আমাকে অসহযোগিতা করা হবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বলিউডলাইফ ডটকম।
বিজয় গালানি জানিয়েছেন, পুরো ঘটনা জানার পর তাঁর পক্ষ নিয়েছেন আদালত। এ প্রসঙ্গে বিজয়ের ভাষ্য, ‘মহামান্য আদালত আমার কাগজ-পত্র দেখে সালমানের প্রতিনিধিকে ডেকে পাঠান। জিজ্ঞেস করেন, কীসের ভিত্তিতে আমার কাছে অর্থ চাওয়া হয়েছে। কাজ করতে গেলে আমাকে অসহযোগিতা করা হবে বলে কেন চিঠি পাঠান হয়েছে, সে বিষয়েও জানতে চান আদালত। কিন্তু এর কোনো সদুত্তর মেলেনি। সবদিক বিবেচনা করে আদালত এখন আমার পক্ষে।’
বিজয় আরও বলেন, ‘গত তিন বছর আমার ওপর দিয়ে কী যে ঝড় বয়ে গেছে, তা বলে বোঝান যাবে না। আর্থিক সংকট আর মানসিক যন্ত্রণা আমাকে বিপর্যস্ত করে তুলেছে। হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমাকে এভাবে হয়রানি করার জন্য সালমানের বিরুদ্ধে ২৫০ কোটি রুপির মানহানির মামলা করেছি।’