নবাব থেকে সাবধান!

কারিনা কাপুরে মুগ্ধ এমন মানুষের সংখ্যা অনেক। এমন মুগ্ধতার যৌক্তিক কারণও আছে বৈকি। আবার, ‘কারিনা-মুগ্ধ’ এই মানুষদের অনেকেই হচ্ছেন বলিউডের, তাঁদের কেউ নির্মাতা কেউবা হালের উঠতি তারকা। যেমন বলিউডের তরুণ অভিনেতা অর্জুন কাপুর। কারিনায় তিনি এমন মুগ্ধ যে, হোক সে শুটিংয়ের অবসরে কিংবা অন্য কোথাও; সুযোগ পেলেই নানা ভাবে কারিনার প্রতি তাঁর এই আবেগের বিষয়টা বোঝানোর চেষ্টা করেন। সম্প্রতি আর. বাল্কির ছবির শুটিংয়েও ঘটেছে এমন ঘটনা। অবশ্য, স্বভাবসুলভ মিষ্টি ব্যবহারেই কারিনা তাঁকে সতর্ক করে বুঝিয়ে দিয়েছেন— আমাকে পছন্দ করো সেটা ঠিক আছে; কিন্তু সাবধান! নবাব থেকে সাবধান। এই নবাব যে পতৌদির ‘ছোটে নবাব’ সাইফ আলি খান, সে আর বলতে।
বিষয়টা ঠিক ততটা ‘মারাত্মক’ ধরনের না হলেও স্ত্রী কারিনার যাবতীয় সুবিধা-অসুবিধার প্রতি সাইফ বেশ নজরই রাখেন। এদিকে অর্জুন-কারিনা সম্পর্কটিও বেশ। সাইফও জানেন অর্জুনকে কারিনা পছন্দ করেন, তাঁকে পরিবারে একজনই মনে করেন। অর্জুন-কারিনা সম্পর্ক নিয়ে বলিউডলাইফ ডটকম জানিয়েছে, সেই রিফিউজি ছবির পর থেকেই অর্জুন কাপুর বরাবরই কারিনাকে বলতে চাইছেন যে কারিনাকে তিনি ভালোবাসেন। মজার বিষয় হচ্ছে— অর্জুনের এ বিষয়টি কারিনাও স্বীকার করেছেন। আবার সাইফ আলি খানও অর্জুনকে পছন্দ করেন। কারণ, তাঁর বেগম। সব মিলিয়ে বিষয়টা সবার কাছে বেশ গোলমেলে ঠেকলেও শেষ পর্যন্ত সাইফ স্পষ্ট জানেন যে, তাঁর বেগমের ভক্তের সংখ্যা অনেক আর বলিউডের অনেকেই তাঁকে পছন্দ করেন। কিন্তু এই পছন্দের একটি নির্দিষ্ট মাত্রা বা সীমারেখা আছে। আর পতৌদির ‘ছোটে নবাব’ সাইফের স্ত্রী বেগম কারিনা কাপুর খানেরও মাত্রাজ্ঞান যে টনটনে সেটা অর্জুনের প্রতি তাঁর সর্বশেষ সতর্কতায় স্পষ্ট। রসিকতার সুরে বললেও অর্জুনকে কারিনা স্পষ্টই জানিয়ে দিয়েছেন— বেশি কাছাকাছি এসো না; সাইফ বন্দুক তুলবে কিন্তু!