নবাবপুত্রের জন্মদিনে কী হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ছেলের জন্মদিন ২০ ডিসেম্বর
সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ছেলের জন্মদিন ২০ ডিসেম্বর

বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুরের প্রথম জন্মবার্ষিকী ২০ ডিসেম্বর। এক বছর পূর্ণ করবে এই ছোট্ট নবাব। পাতৌদির নবাব পরিবারের সদস্য, তার ওপর আবার ‘সাইফিনা’ দম্পতির প্রথম সন্তান। জন্মের পরই যে শিশু তারকা বনে গেছে, তার প্রথম জন্মবার্ষিকীতে অনেক জাঁকজমক হবে, এটাই ভেবেছিলেন সবাই। কিন্তু তৈমুরের খালা কারিশমা কাপুর সংবাদমাধ্যমকে জানালেন, তেমন কিছুই নাকি হচ্ছে না।

বলিউড তারকা কারিশমা কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘এই পৃথিবীতে তৈমুরের আগমন আমাদের জন্য এক বিশেষ ঘটনা। কিছুদিন পরই ওর জন্মদিন। আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করছি। ওর জন্মদিন নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত। সেদিন হয়তো আমরা একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করব। তৈমুরের জন্মদিন আমরা ব্যক্তিগত পর্যায়ে পালনের পরিকল্পনা করেছি। কোনো ধুমধাম ও অতিরিক্ত জাঁকজমক থাকবে না সেখানে।’

কারিনার শুটিংয়ের আগে সাজঘরে তৈমুর আলী খান, কারিশমা কাপুর ও তাঁর দুই সন্তান
কারিনার শুটিংয়ের আগে সাজঘরে তৈমুর আলী খান, কারিশমা কাপুর ও তাঁর দুই সন্তান

২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন সাইফ-কারিনা। তাঁদের বিয়ে নিয়ে হাজারো জল্পনা-কল্পনা ছিল ভক্তদের মনে। গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছিল ‘সাইফিনা’ দম্পতির বিয়ের খবর। ঠিক একই পরিস্থিতি তৈরি হয় কারিনা অন্তঃসত্ত্বা হওয়ার পর। কারিনার সন্তান কবে দুনিয়ার আলো দেখবে, ছেলে হবে না মেয়ে? এসব নিয়ে যখন লেখালেখি চলছে, তখন নবাব পরিবারে হাজির হয় তৈমুর আলী খান।

সাদা পাঞ্জাবিতে ‘জুনিয়র নবাব’ তৈমুর
সাদা পাঞ্জাবিতে ‘জুনিয়র নবাব’ তৈমুর

সুদর্শন এই শিশু জন্মের পর থেকেই তারকা। সে যেখানে যায়, সেখানেই ওত পেতে থাকে পাপারাজ্জির দল। তৈমুরও খুব চটপটে, ক্যামেরা দেখলে সেদিনে তাকিয়ে পোজ দেওয়া শিখে গেছে। সাইফ-কারিনা ছেলেকে গণমাধ্যম থেকে আড়াল করেননি। কিন্তু মা কারিনার একটিই ভয়, তারকা জগতের আলোর ঝলকানিতে তাঁদের সন্তান স্বাভাবিক শৈশব না হারিয়ে ফেলে। এর জন্য ছেলেকে আর দশটা সাধারণ শিশুর মতোই মানুষ করতে চান। ছেলের প্রথম জন্মদিন পালনের ক্ষেত্রেও সাইফ-কারিনা এই কথাটি মাথায় রাখছেন। ডেকান ক্রনিকল