নস্টালজিক ঋষি

আজ ভেঙে ফেলা হবে দিল্লি শহরে স্থাপিত ৮৪ বছরের পুরোনো প্রেক্ষাগৃহ রিগ্যাল। এই প্রেক্ষাগৃহের সঙ্গে জড়িয়ে আছে বলিউডের কাপুর পরিবারের স্মৃতি। আর তাই তো প্রেক্ষাগৃহ ভেঙে ফেলার দিনে নস্টালজিক হয়ে গেলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর।
দিল্লির ৮৪ বছরের পুরোনো প্রেক্ষাগৃহ রিগ্যাল এ জীবনের প্রথম সিনেমা মুক্ত পায় ঋষি কাপুরের। প্রেক্ষাগৃহ ভাঙার খবর শুনে মাইক্রোব্লগ টুইটারে একটি ছবি পোস্ট করেন। ঋষি লেখেন, ভেঙে ফেলা হবে দিল্লির রিগ্যাল থিয়েটার! এখানে কাপুর পরিবারের মঞ্চ নাটক ও সিনেমা দেখানো হতো। এখানেই তো ‘ববি’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল! ধন্যবাদ এই জন্য যে, ভাঙার আগে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ রাজ কাপুরের দুটি ছবি ‘মেরা নাম জোকার’ ও ‘সঙ্গম’ সিনেমা পুনরায় দেখানোর সিদ্ধান্ত নেয়।

দিল্লি শহরের একেবারে কেন্দ্রে এই প্রেক্ষাগৃহ স্থাপিত। এর নকশা করেছিলেন স্থপতি ওয়াল্টার সাইকস জর্জ। উদ্বোধন করা হয় ১৯৩২ সালে। প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী বিশাল চৌধুরী বলেন, রিগ্যাল সিনেমা হলের সঙ্গে পৃথ্বী রাজ কাপুর এবং তাঁর ছেলে রাজ কাপুরের অনেক স্মৃতি। পৃথ্বী রাজ কাপুর তাঁর সব নাটক এখানেই মঞ্চস্থ করতেন এবং রাজ কাপুর তাঁর সব চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী এখানে করেছিলেন।
শোনা যাচ্ছে রিগ্যালের দ্বিতীয় ও তৃতীয় তলায় করা হবে মাদাম তুসো জাদুঘরের দিল্লি শাখা। আর যদি কোনো মাল্টিপ্লেক্স বানানো হয় তবে সেটি হবে নিচতলায়। হিন্দুস্তান টাইমস