নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব ফারহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হয়েছেন ফারহান আখতার। ছবি: ইনস্টাগ্রাম
বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হয়েছেন ফারহান আখতার। ছবি: ইনস্টাগ্রাম

মাত্র পাঁচ ঘণ্টা আগে টুইটারে বলিউড তারকা ফারহান আখতার একটি পোস্ট দেন। সেখানে একটি ছবিতে ডিজিটাল লিফলেট। গ্রাফিক হরফে সেখানে সদ্য পাস হওয়া ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের ও জাতীয় নাগরিক নিবন্ধনের মূলকথা লেখা। আর কেন আইনটি অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ ভারতের ধারণার সঙ্গে সাংঘর্ষিক, তার পক্ষে কিছু যুক্তি লেখা।

ফারহান আখতার এই ছবিটি পোস্ট করে জানিয়েছেন, ১৯ ডিসেম্বর অগস্ট ক্রান্তি ময়দানে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন তিনি। আর সবাইকেও সেখানে জড়ো হয়ে নিজেদের অবস্থান জানাতে বলেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ হাজার মানুষ পছন্দ করেছেন ফারহান আখতারের ওই পোস্ট। ১০ হাজারবার রিটুইট হয়েছে সেই টুইট।

নিজের বক্তব্যের সঙ্গে জুড়ে দিয়েছেন এই ডিজিটাল লিফলেট। ছবি: ইনস্টাগ্রাম
নিজের বক্তব্যের সঙ্গে জুড়ে দিয়েছেন এই ডিজিটাল লিফলেট। ছবি: ইনস্টাগ্রাম

ফারহান আখতার লেখেন, ‘নাগরিকত্ব সংশোধন বিল সম্পর্কে আপনার যা জানা সেগুলো এখানে আছে। লেখাটা পড়লেই বুঝবেন, কেন এই প্রতিবাদ সভাটি গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে একা একা প্রতিবাদ জানানোর দিন শেষ। এখন সময় রাস্তায় নামার।’

চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট ও সুশান্ত সিং রাজপুতও জানিয়েছেন, তাঁরা এই নাগরিকত্ব আইনের বিপক্ষে। বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী পাপন এই আইনের বিপক্ষে নিজের অবস্থান পরিষ্কার করে বর্জন করেছেন নয়াদিল্লির কনসার্ট।

ফারহান আখতার বলেন, এখন রাস্তায় নামার সময়। ছবি: ইনস্টাগ্রাম
ফারহান আখতার বলেন, এখন রাস্তায় নামার সময়। ছবি: ইনস্টাগ্রাম

বিতর্কিত নতুন আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি আর খ্রিষ্টান অভিবাসী অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, তাঁরা সেখানকার নাগরিক হওয়ার সুযোগ পাবেন। হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের যুক্তি, মুসলিমপ্রধান দেশের যেসব ধর্মীয় সংখ্যালঘু সহিংসতার শিকার হচ্ছেন, তাঁদের জায়গা দেওয়ার উদ্দেশ্যে এই আইন।’

অন্যদিকে এই নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে গতকাল ফের অশান্ত হয়েছে ভারতের রাজধানী দিল্লি। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর নির্বিচারে অত্যাচারের প্রতিবাদে দিল্লির সিলামপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল গতকাল মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয়।

প্রায় দুই হাজার জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি চালাতে হয়। ছুড়তে হয় কাঁদানে গ্যাস। যথেচ্ছ ইটপাটকেলে জনতা ও পুলিশ দুই পক্ষেই বহু লোক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় একটি স্কুলবাসসহ বহু মোটরগাড়ি, বাইক ও সরকারি বাস।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লিতে আজ বুধবারের বিক্ষোভ। ছবি: এএফপি
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লিতে আজ বুধবারের বিক্ষোভ। ছবি: এএফপি