নাচ শিখছেন রাধিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে
আশা ভোঁসলে
আশা ভোঁসলে

স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করে দারুণ আলোচিত রাধিকা আপ্তে। টালিউড, বলিউড, তামিলসহ বেশ কিছু ছবিতে অভিনয় করে পেয়েছেন পরিচিতি ও জনপ্রিয়তা। এবার নাচ করার প্রস্তুতি নিচ্ছেন এই শিল্পী। জানা গেছে, বেশ গুরুত্ব সহকারে নাচ শিখছেন তিনি।
বড় তারকাদের সম্মান জানাতে তাঁদের অভিনীত গানে নাচ করা বলিউডে যেন একটি রীতিতে পরিণত হয়েছে। বিশেষ করে পুরস্কার প্রদান ও সম্মাননার আয়োজনগুলোতে। এই যেমন রণবীর সিং একবার নাচ করলেন শাহরুখ খান, সালমান খান ও আমির খানের গানে। সম্মান জানানোর জন্য সে রকমই এক প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। আশা ভোসলের বেশ কয়েকটি জনপ্রিয় গানের সঙ্গে নাচ করবেন এই তারকা। তবে কোনো পুরস্কারের আয়োজনে নয়, রাধিকা নাচবেন একেবারে জনসমক্ষে, মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে।
রাধিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সমসাময়িক নাচের চর্চা করছেন এই অভিনেত্রী। সে জন্য লন্ডনে নাচের ওপর একটি পেশাদার কোর্সও করেছেন তিনি। আশা ভোঁসলের সম্মানে তাঁর গাওয়া কয়েকটি গানের সঙ্গে নাচবেন রাধিকা। সেগুলোর মধ্যে থাকবে ‘আজ রাপাট জায়ে’, ‘জানে দো না’ গানগুলো। নাচের কোরিওগ্রাফি করেছেন টেরেন্স লুইজ। আসছে বৃহস্পতিবার মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে লাতিন ও সমসাময়িক ঘরানার মিশেলে নাচ করবেন এই দুই শিল্পী।
এ প্রসঙ্গে রাধিকা বলেছেন, ‘অভিনয়ের পর যদি আমার পছন্দের কিছু থাকে, সেটা হচ্ছে নাচ। আশা ভোঁসলের মতো মানুষের সম্মানে নাচ করতে পারাটা আমার জন্য দারুণ রোমাঞ্চকর। তাঁর দারুণ কিছু গানে নাচব আমি।’ হিন্দুস্তান টাইমস