নাতনির সঙ্গে ভিডিও চ্যাটে মশগুল অমিতাভ

প্রযুক্তির সঙ্গে ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের সখ্য বেশ পুরোনো। যদিও ‘স্কাইপ’ বা ‘ফেসটাইম’ এর মতো ভিডিও চ্যাট অ্যাপ ব্যবহারে এখনো তেমন অভ্যস্ত নন তিনি, কিন্তু নাতনি আরাধ্য দেশের বাইরে গেলেই তাঁর মনটা ছটফট করতে থাকে। নাতনি আরাধ্যের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় তখন ভিডিও চ্যাটের এই সাইটগুলোই।
‘আমি এখনো স্কাইপ বা ফেসটাইম-এ তেমন অভ্যস্ত হতে পারিনি। তবে অভিষেক এ ব্যাপারে আমাকে অনেক সাহায্য করে বলেই আরাধ্য দূরে কোথাও গেলেও আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারি’ জানিয়েছেন তিয়াত্তর বছর বয়সী সুপারস্টার অমিতাভ বচ্চন।
অবশ্য অনেক আগে থেকেই ব্লগে লেখালেখি করেন অমিতাভ। খুদে ব্লগসাইট টুইটারে ভক্ত-অনুসারীর সংখ্যা বিবেচনায় ভারতীয়দের মধ্যে তিনি শীর্ষ অবস্থানে। নিয়মিত পোস্ট করেন টুইটারে। সম্প্রতি যুক্ত হয়েছেন তারকাদের একটি ভিডিও ব্লগিং অ্যাপ্লিকেশন ‘ওয়াকু’ এর সঙ্গে। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই নতুন এই অ্যাপ ব্যবহার শুরু করেছেন অমিতাভ বচ্চন। গত মাসে ‘বিগ বি’ নিজেই এই অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করেন।
অমিতাভ জানিয়েছেন, ‘তাঁর পরিবারের কোনো সদস্য কোথাও ভ্রমণে গেলে; বিশেষ করে, তাঁর নাতনী আরাধ্য একবার দেশের বাইরে যাওয়ার পর ছেলে অভিষেক তাঁকে জিজ্ঞেস করেছিল, শেষবার কখন তিনি আরাধ্যর সঙ্গে কথা বলেছেন? তিনি জানিয়েছেন, আমি তখন উত্তরে বলেছিলাম— ‘যখন ও বাড়ি থেকে গেছে তখন।’ এটা জানার পর ফেসটাইমের (একটি ভিডিও চ্যাটিং সাইট) সঙ্গে আমাদের সংযুক্ত করে দিয়েছিল অভিষেক। তিনি আরও বলেন, ‘অভিষেক এ কাজটি করতে খুব আনন্দ পায়।’
‘বিগ বি’ বলেন, ‘ছোট ছোট শিশু এবং নাতিনাতনিদের এই ছোট্ট কাজ গুলিই জীবনকে সহজ করতে সাহায্য করে।’
ভারতের বর্ষীয়ান এই সুপারস্টারকে শিগগিরই দেখা যাবে বিজয় নাম্বিয়ার ‘ওয়াজির’ ছবিতে। এ ছাড়াও, তাঁর স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে আর বালকির ‘কি এন্ড কা’ চলচ্চিত্রেও কাজ করছেন তিনি। এনডিটিভি।