নাতি-নাতনিদের জন্য...

কাজ তো করে যাচ্ছেন একের পর এক। কিন্তু এর মধ্যে এমন কি কোনো কাজ আছে, যা সোনম বুড়িয়ে গেলেও নিজের নাতি-নাতনিদের গর্ব করে দেখাতে পারবেন? এত দিন এই প্রশ্ন করলে হয়তো সোনম কাপুরের কাছ থেকে ভিন্ন কোনো জবাব পাওয়া যেত। তবে গত শুক্রবার থেকে বলার মতো নতুন জবাব খুঁজে পেয়েছেন সোনম কাপুর। বিশ্বখ্যাত গানের দল কোল্ডপ্লের নতুন গানের ভিডিওতে দেখা গেছে সোনম কাপুরের মুখ। সেই ভিডিওটি টুইটারে পোস্ট করে সোনম জানিয়েছেন, গর্ব করে বলার মতো নতুন কিছু পেলেন তিনি।
সোনমের গর্বের মাত্রাটা আরও বেড়েছে, কারণ কোল্ডপ্লের গানের সঙ্গে বিয়ন্সেকেও তিনি একই গানে পেয়েছেন। অর্থাৎ একই গানে কোল্ডপ্লে, বিয়ন্সে ও সোনম। শুক্রবার কোল্ডপ্লে তাদের নতুন গান ‘হাইম ফর দ্য উইকএন্ড’-এর ভিডিও প্রকাশ করে। এই ভিডিওটির শুটিং হয় ভারতের মুম্বাইয়ে। এতে সোনমকে দেখা যায় উপমহাদেশীয় সাজপোশাকে। সেদিনই কোল্ডপ্লে তাদের টুইটার পেজে বিয়ন্সে ও সোনমকে ট্যাগ করে গানের ভিডিওটির খবর সবাইকে জানায়। সেই টুইটটি আবার রিটুইট করেন সোনম। সঙ্গে লেখেন, ‘নাতি-নাতনিদের বলার মতো একটি গল্প পেলাম। তাদের আমি বলতে পারব, কোল্ডপ্লের গানের ভিডিওতে আমিও ছিলাম!’