নাম থেকে 'খান' ছেঁটেছেন মালাইকা

বলিউডের মডেল ও অভিনেত্রী মালাইকা অরোরা। প্রযোজক ও অভিনেতা আরবাজ খানকে বিয়ে করার পর হয়ে গিয়েছিলেন মালাইকা অরোরা খান। দীর্ঘ ১৭ বছর তাঁকে সবাই এই নামেই ডেকেছে, তিনিও নিজের পরিচয় দিতেন এই নামেই। এখন নিজেই তাঁর নাম থেকে ‘খান’ ছেঁটে আবারও আগের মালাইকা অরোরা হয়ে গেছেন। কড়া ভাবেই সবাইকে জানিয়ে দিয়েছেন এখন থেকে তাঁকে যেন শুধু মালাইকা অরোরা বলে সম্বোধন করা হয়।
নামের সঙ্গে খান পদবিজুড়ে ছিলেন আরবাজকে বিয়ে করার পর। আজ যখন বিয়েটাই নড়বড়ে হয়ে গেছে তখন পদবি দিয়ে কী হবে? কিছুদিন আগেই মালাইকা অরোরা ও আরবাজ খান তাঁদের ছাড়াছাড়ি হওয়ার কথা নিশ্চিত করেছেন। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। গত বছরের শেষ দিক থেকেই মালাইকা ১৩ বছর বয়সী ছেলে আরহানকে নিয়ে আলাদা থাকছেন। বিব্রতকর পরিস্থিতি এড়াতে মালাইকা নিজেই গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন তিনি আর এখন মিসেস খান নন, শুধুই মালাইকা অরোরা। জি নিউজ।