নাম নিয়ে মুখ খুললেন তৈমুরের বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ, কারিনা ও তৈমুর
সাইফ, কারিনা ও তৈমুর

নবাবপুত্তুরের নাম তৈমুর হতেই পারে। তবে এ নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। শাসক তৈমুর লং রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন। তবে কি নিজের পুত্রের মধ্যে তৈমুরকেই দেখতে চান সাইফ-কারিনা দম্পতি? সমালোচনার মুখে সাইফ আলী খান এবার মুখ খুললেন। জানালেন, এই তৈমুর সেই তৈমুর নয়।
সাইফ বলেছেন, ‘তুর্কি শাসকের ইতিহাস আমি ভালো করেই জানি। ওর নামে আমার ছেলের নাম দিইনি। দুজনের নামের বানানে পার্থক্য আছে। হয়তো নাম দুটির উৎস একই জায়গা থেকে। তবে আমি যে নামটি রেখেছি, তার প্রাচীন ফারসি অর্থ হলো লৌহ। আমি ও আমার স্ত্রী দুজনই নামের উচ্চারণ ও অর্থটা পছন্দ করেছি। আসলে আমি কারিনাকে যতগুলো নাম বলেছিলাম, এর মধ্যে এটাই সে সবচেয়ে বেশি পছন্দ করেছে। কারণ, নামটা একই সঙ্গে সুন্দর ও দৃঢ়।’
সবকিছুকেই সমালোচনার টেবিলে নিয়ে আসার একটা চল যেন শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাইফ নিজের রসবোধ দিয়ে সেটিও সামলেছেন, ‘আমার মনে হয় নাম ঘোষণার সময় শুরুতে একটা ঘোষণা দেওয়া উচিত ছিল, সিনেমার শুরুতে যেমন দেওয়া হয়: এর সঙ্গে জীবিত অথবা মৃত কোনো ব্যক্তির যোগসূত্র পাওয়া গেলে তা নিতান্তই কাকতালীয়...!’
সাইফ নিজে নবাব বংশের ছেলে। তাঁদের বংশে এ ধরনের নামের চল আগে থেকেই আছে বলে জানিয়েছেন এই অভিনেতা। ইন্ডিয়ান এক্সপ্রেস।