নারাজ হয়েছেন নওয়াজুদ্দিন

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি ‘কাহানী’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ‘তালাশ’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘মাঝি- দ্য মাউন্টেনম্যন’-এর মতো বেশ কিছু ছবিতে দুর্দান্ত অভিনয় করে সমালোচকদের সুনাম কুড়িয়েছেন। ২০১২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি। সেই আসরে বিশেষ জুরি পুরস্কারও যায় তাঁর ভাগ্যে। কিন্তু ২০১৫ সালে বেশ কয়েকটি ছবিতে ভালো কাজ করার পরেও তাঁর সঠিক মূল্যায়ন হচ্ছে না বলে মনে করেন তিনি। ভারতের পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে তাঁকে ঠিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না বলে এই অভিনেতা হতাশ।
এখন পর্যন্ত পকেটমার, হোটেল বেয়ারা, সাংবাদিক, পুলিশ অফিসার অনেক চরিত্রেই দেখা গেছে তাঁকে। যখন যে চরিত্রে অভিনয় করেন, সেটাতেই তাঁর সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন। আর পর্দায় বেশ সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন যেকোনো চরিত্র। কিন্তু তাঁর ঝুলিতে যত পুরস্কার থাকার কথা তা নেই। এই নিয়েই সামান্য আফসোস বোধ হয় এই অভিনেতার। তবে তিনি এ কথাও বলেন, ‘আমাকে তাঁরা (পুরস্কার বিতরণ কর্তৃপক্ষ) কোন বিভাগে পুরস্কার দেবে, সেটাই হয়তো বুঝে উঠতে পারে না।’
বলিউড হাঙ্গামা