নারী দিবস নিয়ে অর্জুনের ভিডিও-বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্জুন কাপুর
অর্জুন কাপুর

বলিউডের তারকা অর্জুন কাপুর ‘কি অ্যান্ড কা’ ছবিতে অভিনয় করার পর থেকেই নারীর পক্ষে বিভিন্ন সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিচ্ছেন। কয়েক দিন আগে লাক্স জি সিনে পুরস্কারের আসরেও মেয়েদের জুতো পরে অর্জুন নারী-পুরুষের সমতা আর নারীর পক্ষে বক্তব্য রেখেছেন। ৮ মার্চ নারী দিবস উপলক্ষে এই অভিনেতা একটি ভিডিও-বার্তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের খুদে ব্লগসাইট টুইটারে।

ভিডিও-বার্তায় অর্জুন জানিয়েছেন, তিনি তাঁর মা আর বোনেরই একটি অংশ।

টুইটারে মার্চের সাত তারিখে লেখা ওই ভিডিও-বার্তায় অর্জুন বলেছেন, ‘গুরুত্ব পান না, দেখাশোনা করা হয় না, খেয়াল রাখা হয় না— এমন নারীদের জন্য আগামীকাল (৮ মার্চ) অনেক গুরুত্বপূর্ণ একটি দিন।’ তিনি ভিডিও-বার্তায় পুরুষদের প্রতি বলেন, ‘যদি আপনি একজন ভালো মানুষ হন; সে ক্ষেত্রে নিশ্চিত করুন যাতে ওই সব নারীরা এই দিনটিকে মনে রাখতে পারেন।’

বিশ্বের সব নারীদের নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে অর্জুন কাপুর তাঁর ভিডিও-বার্তায় বলেছেন, ‘আপনারা আছেন বলেই আমরা আজ এখানে। আপনারাই আমাদের পরিণত করেন। আমাদের সবকিছুর প্রতি খেয়াল রাখেন, দেখাশোনা করেন। আপনাদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। আশা করছি আপনারা চমৎকার একটি দিন কাটাবেন, অসাধারণ একটি বছরও।’ এনডিটিভি।