নারী দিবসে প্রীতি জিনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি জিনতা
প্রীতি জিনতা

বলিউডের এক সময়ের ব্যস্ত অভিনেত্রী প্রীতি জিনতার হাতে এখন কাজ নেই বললেই চলে। খুব বেশি খবরেও আসে না তাঁর নাম। কাজ থাক বা না থাক, অতীতে কাজের সুবাদে বলিউডে অনেক বন্ধু ও সহকর্মী পেয়েছেন এই দিল সে তারকা। সারা বিশ্ব যখন আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে ব্যস্ত, তখন এই সুযোগ কেন হাতছাড়া করবেন প্রীতি! আর সে জন্যই হয়তো নিজের বাড়িতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে খবরের শিরোনাম হলেন তিনি । বন্ধু-বান্ধবদের নিয়ে হইহল্লা করে কাটিয়ে দিলেন চমৎকার কিছু মুহূর্ত।
প্রীতি তাঁর বাড়িতে নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করলেও শুধু নারী বন্ধুরাই সেখানে আমন্ত্রণ পাননি। অভিনেতা রিতেশ দেশমুখ, ক্রিকেটার যুবরাজ সিং এবং অভিনেতা অঙ্গার বেদিসহ আরও কয়েকজন বন্ধুকেও আমন্ত্রণ জানিয়েছিলেন প্রীতি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।
প্রীতি আয়োজিত নারী দিবস উদযাপন অনুষ্ঠান রীতিমতো তারকামেলায় পরিণত হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শিল্পা শেঠি, রাজ কুন্দ্রে, মালাইকা অরোরা খান, টাবু, লারা দত্ত, চাঙ্কি পাণ্ডে, জেনেলিয়া ডি’সুজা, রমেশ তোরানি, বিকাশ বেহল প্রমুখ।
অনুষ্ঠান শেষ করে ভক্তদের সঙ্গে নিজের আনন্দ ভাগাভাগি করে নিতে একটি টুইটার বার্তাও লিখেছেন প্রীতি জিনতা। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘চাঁদের বুকে যখন পদচিহ্ন আঁকা আছে, তখন আকাশ নিশ্চয়ই সীমা হতে পারে না। অন্তত আমাকে তা বলবেন না।’