নারী হিসেবে গর্বিত আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

বলিউডের হালের জনপ্রিয় তারকা আলিয়া ভাট জানিয়েছেন, নারীরা তাঁদের জীবনে যা করতে চান তাই করছেন— এটা দেখলে তিনি খুবই খুশি হন। আলিয়া ভাট জানিয়েছেন, নিজের নারীত্ব নিয়ে তিনি গর্বিত। পাশাপাশি এই অভিনেত্রী মনে করেন, নারীদের জন্য আলাদা কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ও ‘হাইওয়ে’ ছবির তারকা আলিয়া ভাট একজন গর্বিত নারী। নিজেকে নিয়ে ও নিজের কাজ নিয়ে তিনি সন্তুষ্ট। কারণ, তিনি জীবনে যা হতে চেয়েছেন, যা করতে চেয়েছেন; তাই হয়েছেন ও করে যাচ্ছেন। সম্ভবত এই কারণেই, অন্য কোনো নারীকেও তিনি যখন দেখেন তাঁরা নিজেদের পছন্দের কাজটা করছেন, তখন তিনি খুব খুশি হন।

আলিয়া বলেছেন, ‘যখন দেখি একজন নারী যা চান, তাই করছেন, আমি তখন খুবই খুশি হই।’

তবে আলিয়া মনে করেন, নারীদের জন্য আলাদা কোনো বিশেষ দিন রাখার দরকার নেই। কারণ, একজন নারীর উচিত তাঁর নারীত্বের জন্য প্রতিটা দিনই গর্বিত থাকা।

আলিয়া আরও বলেছেন, ‘যখন দেখি ‘‘নীরজা’’র মতো ছবি ভালো করছে, তখন আমার গর্ব হয়। মালালা যে ধরনের কাজ করছেন, তা দেখে আমার গর্ব হয়। যে নারী আমার ব্যবস্থাপকের দায়িত্বটা পালন করে চলেছেন; তাঁকে দেখে আমার গর্ব হয়।’


আলিয়া বলেন, ‘আমি গর্বিত হই খাদ্য পরিবেশনায় নিযুক্ত নারী কর্মীকে দেখলেও। আমি গর্ববোধ করি আমাদের আশপাশের সকল নারীদের নিয়েই।’

আলিয়া মনে করেন, নারীদের তাঁদের জীবনমানের উন্নতির বিষয়ে সচেতন হওয়া উচিত। তিনি বলেন, ‘আমি খুবই আবেগপ্রবণ মানুষ। আমার মনে হয় আমাদের দেশের নারীরা তাঁদের জীবনের মান নিয়ে যথেষ্ট সচেতন নন।

তাঁদের স্বপ্নগুলো তাঁদের হাতেই। আমাদের দেশে যেভাবে একটি মেয়েকে বিয়ে দিয়েই বিদায় জানিয়ে দেওয়া হয়, সেটা করা আসলে উচিত না।’ তিনি বলেন, ‘একজন নারী যদি সেটাই চান, তবে ঠিক আছে। গৃহিণীর দায়িত্ব পালন করাটাও সহজ কাজ নয়। এটা খুবই কঠিন। কিন্তু একজন নারী তাঁর জীবন নিয়ে কী করতে চান, সেই সিদ্ধান্তটা তাঁর হাতেই ছেড়ে দেওয়া উচিত। আমি এর পক্ষে।’
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে দেব দুলাল গুহ।