নারীর অভিনয় করেননি যে কারণে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান খান
ইরফান খান

নারীর ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউড তারকা ইরফান খান। ব্যাপারটি বেশ রোমাঞ্চিত করেছিল তাঁকে। পুরুষ হয়ে নারীর ভূমিকায় পর্দার আসার সুযোগ হাতছাড়া করার মতো আনস্মার্ট অভিনেতা তিনি নন। চরিত্রটি করতে প্রায় রাজি হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত করা হয়নি। তাঁর সেই চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত।

সম্প্রতি ইরফান স্বীকার করেছেন, তিগমাংশু ধুলিয়া ‘রিভলবার রানি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁকে। রাজি হয়েও পরে ছবিটি করেননি এই অভিনেতা। কারণ, ছবিতে কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। তিনি বলেন, ‘মনস্থির করেছিলাম ছবিটা করব। কিন্তু দেখলাম, এমন কিছু ঘনিষ্ঠ দৃশ্য আছে, যেগুলো দর্শকদের ভালো লাগবে না। নারী হিসেবে পর্দায় আসতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এমন কোনো দৃশ্যে অভিনয় করতে চাই না, যা দেখে দর্শকেরা আসন ছেড়ে পালাবেন।’ ‘রিভলবার রানি’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। সাই কবিরের পরিচালনায় ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা ও ভির দাস।
শিগগিরই মুক্তি পেতে যাওয়া নতুন ছবি ‘হিন্দি মিডিয়াম’-এ ইরফানকে দেখা যাবে চাঁদনি চকের শাড়ি দোকানির ভূমিকায়। শাড়ি বিক্রেতাদের মতো শাড়ি পরে নারী ক্রেতাদের দেখাবেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দারুণ মজা পেয়েছি কাজটা করে। চমৎকার এক অভিজ্ঞতা হয়েছে।’ ১২ মে মুক্তি পাবে ছবিটি। এতে তাঁর নায়িকা হয়েছেন পাকিস্তানের মেয়ে সাবা কামার।
ছবিতে সন্তানকে ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করিয়ে সমাজের উঁচু স্তরে ঢোকার সংগ্রাম করতে দেখা যাবে ইরফানকে। হিন্দির বদলে সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানোর জন্য অভিভাবকেরা কতটা উদ্‌গ্রীব, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। ইন্ডিয়ান এক্সপ্রেস।