
‘আকিরা’র পেছনের শক্তি কুলদীপ শশী
দাবাং থেকে শুরু করে সবশেষ তেভর—সোনাক্ষী সিনহা তাঁর অভিনয়জীবনের বেশির ভাগ ছবিতেই নায়কের বাহুবন্দী এক নায়িকা হিসেবেই অভিনয় করেছেন। মাঝে ব্যতিক্রম হিসেবে ছিল লুটেরার মতো ছবি। কিন্তু পুরোদস্তুর শক্তিমান নারী চরিত্র করার সৌভাগ্যটা সোনাক্ষীর হলো এত দিনে এসে। আকিরা দিয়ে নিজের ক্যারিয়ারের এক নতুন অধ্যায় খুলতে যাচ্ছেন তিনি। আকিরার জন্য বেশ ঘাম ঝরিয়েছেন এই শত্রুঘ্ন-কন্যা। তবে তিনি একা নন, সোনাক্ষীর সঙ্গে সঙ্গে ঘাম ঝরিয়েছেন কুলদীপ শশীও। তিনি সোনাক্ষী সিনহার প্রশিক্ষক। এ অভিনেত্রীকে সোনাক্ষী থেকে ‘আকিরায়’ রূপান্তরের জন্য নির্মাতা এ আর মুরুগাদসের পর কুলদীপের অবদান সবচেয়ে বেশি।
২৮ বছর বয়সী এই স্টান্টম্যান এর আগে টাইগার শ্রফকে তৈরি করেছেন হিরোপান্তি আর বাগি ছবির জন্য। এর পরপরই তাঁর কাছে আসে আকিরা ছবির প্রস্তাব। একজন নারী শিল্পীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে কুলদীপও তা লুফে নেন। তবে নারী বলে যে কুলদীপ ছাড় দিয়ে দিয়ে প্রশিক্ষণ দিয়েছেন সোনাক্ষীকে, তেমনটা নয়। টাইগার শ্রফের মতো করেই সোনাক্ষীকে তিনি আকিরার জন্য প্রস্তুত করেছেন। প্রতিদিন সকালে একটানা আড়াই ঘণ্টা দৌড়, অ্যাক্রোবেটস আর কার্ডিও প্রশিক্ষণ করিয়েছেন। আর বিকেলে ঘণ্টাব্যাপী করিয়েছেন মিক্সড মার্শাল আর্টের প্রশিক্ষণ। হাড়ভাঙা প্রশিক্ষণের পর কুলদীপ সোনাক্ষীকে খেতে দিয়েছেন কলার শেক, শুকনো ফল, মাছ সেদ্ধ আর ডিম—এর বেশি কিছু না। এভাবেই ধীরে ধীরে সোনাক্ষী গ্ল্যামারকন্যা থেকে হয়ে উঠেছেন মারকুটে অ্যাকশন নায়িকা।


মেরি কমের সত্যিকারের প্রশিক্ষক হেমলতা বাগওয়াল
ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তাই স্কুলবেলা থেকেই শরীরচর্চা আর খেলাধুলায় বেশি মনোযোগী ছিলেন হেমলতা বাগওয়াল। কিন্তু একসময় তাঁর কোচ তাঁকে নিয়ে আসেন বক্সিংয়ের জগতে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছেড়ে হেমলতা বড় বক্সার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। একসময় স্বপ্নটা সত্যিও হয়ে যায়। এমনকি নিজে তো জাতীয় পর্যায়ের বক্সার হনই, বড় বক্সারদের প্রশিক্ষক হিসেবেও তিনি সাফল্য অর্জন করতে শুরু করেন। হেমলতা ভারতের বক্সিং চ্যাম্পিয়ন ‘মেরি কমে’রও প্রশিক্ষক ছিলেন। তাই যখন বলিউড বড় পর্দায় ‘মেরি কম’কে উপস্থাপনের কথা চিন্তা করছিল তখন স্বাভাবিকভাবেই এর সঙ্গে হেমলতার নামটিও উঠে এল। বড় পর্দার ‘মেরি কম’ প্রিয়াঙ্কা চোপড়াকে তৈরির জন্যও হেমলতাকেই নিয়োগ দেওয়া হলো। ৩৪ বছর বয়সী হেমলতা প্রিয়াঙ্কাকে তৈরির জন্য রীতিমতো কাঠখড় পুড়িয়েছিলেন। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে প্রিয়াঙ্কাকে দিয়ে তিনি করিয়েছেন ফুটওয়ার্ক, পাঞ্চ প্র্যাকটিস, শ্যাডো বক্সিং। সেই সঙ্গে প্রিয়াঙ্কার খাবারের দেখভালও করতেন তিনি। ঠিক সময়ে ঠিক পরিমাণে প্রিয়াঙ্কা প্রোটিন শেক খাচ্ছেন কি না, সবুজ শাকসবজির বাইরে অন্যকিছু খেয়ে ফেলছেন কি না, সবকিছুর হিসাব রাখতেন হেমলতা। কিন্তু কজনই বা জানে পর্দার মেরি কমের পেছনের এই শক্তির কথা?

‘আরফা’র ওস্তাদ জগদীশ
সুলতান ছবির জন্য আনুশকা শর্মাকে তৈরি করতে খুব বেশি সময় পাননি কুস্তিগির জগদীশ কালিরমন। তবে ভারতের ইউপি (উত্তর প্রদেশ) পুলিশ রেসলিং দলের প্রধান প্রশিক্ষক হওয়ায় অল্প সময়েই কুস্তিগির তৈরি করার কৌশল খুব ভালো করেই জানা ছিল তঁার। তাই যখন যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এই জাতীয় স্বীকৃতি পাওয়া কুস্তিগিরের কাছে প্রস্তাব যায় আনুশকাকে কুস্তি শেখানোর, তিনি কালক্ষেপণ করেননি। মাত্র ছয় মাসে আনুশকাকে তিনি সুলতান-এর ‘আরফা’ বানানোর চ্যালেঞ্জটি লুফে নেন। জগদীশ বলেন, ছয় মাসে প্রতিদিন ঘড়ি ধরে দুই সেশনে ৩০০ মিনিট করে কুস্তির প্রশিক্ষণ দিতেন তিনি। প্রতি সেশন চলত ১৫০ মিনিট করে। মাঝে একবার বিরতি। শিষ্য আনুশকার ব্যাপারে জগদীশ বলেন, ‘শারীরিকভাবে আনুশকা বেশ ফিট। তাই তাকে প্রশিক্ষণ দিতে কোনো বেগ পেতে হয়নি। তাকে আমি কুস্তির অনেকগুলো কঠিন কৌশল খুব সহজেই শেখাতে পেরেছি। কারণ সে এসব খুব জলদি রপ্ত করতে পারত। ভারন্দাজ থেকে শুরু করে ধোবি পর্যন্ত সব কৌশল তার জানা। তবে আনুশকা কুল্লা ও ধক নামের কৌশলে পারদর্শী। এই কৌশলগুলো খাঁটিয়ে সে অনেক হৃষ্টপুষ্ট কুস্তিগিরকেও কাবু করে ফেলতে পারে।’
বিনোদন ডেস্ক, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু ও ডিএনএ ইন্ডিয়া অবলম্বনে