নার্গিস হতে চাননি মনীষা কৈরালা!

অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে মেতে আছে বলিউড। আজ শুক্রবার ‘সঞ্জু’ নামের এই ছবিটি মুক্তি পেয়েছে। ধারণা করা হচ্ছে, বক্স অফিসে ঝড় তুলবেন সঞ্জয়রূপী রণবীর কাপুর। ছবিতে আছেন আরও অনেক রথী-মহারথী। মনীষা কৈরালা অভিনয় করেছেন সঞ্জয় দত্তের মা নার্গিসের চরিত্রে। কিন্তু প্রস্তাব পাওয়ার পর প্রথমে নাকি নার্গিস হতে চাননি মনীষা কৈরালা!
জি নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে মনীষা কৈরালা এ কথা জানিয়েছেন। বলিউড লাইফে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। মনীষা বলেছেন, প্রস্তাব পাওয়ার পর শুরুতে দ্বিধায় ছিলেন তিনি। নিজের অসুস্থতার কারণেই সঞ্জয় দত্তের মায়ের চরিত্রে অভিনয় করতে অস্বস্তিবোধ করছিলেন তিনি।
২০১২ সালে ক্যানসারে আক্রান্ত হন মনীষা কৈরালা। এই রোগ থেকে মুক্তি পেতে দীর্ঘদিন চিকিৎসা চলে তাঁর। সাক্ষাৎকারে মনীষা বলেন, ‘নার্গিসের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে আমি একটু ভয়ে ছিলাম। স্বাস্থ্যগত কারণেই আমার একটু অনীহা ছিল। আমি ঠিক নিশ্চিত ছিলাম না যে সঞ্জয় দত্তের মায়ের চরিত্রটি পর্দায় ঠিকমতো ফুটিয়ে তুলতে পারব কি না। তাই প্রথমে আমার একটু শঙ্কা ছিল। আমি পরে পরিচালকের সঙ্গে দেখা করি। তিনি তখন পুরো চরিত্রটি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেন। এরপরই আমি ছবিটিতে অভিনয় করতে রাজি হই।’
চলচ্চিত্রের কাহিনি প্রসঙ্গে মনীষা কৈরালা বলেন, ‘সঞ্জয় দত্তের জীবনে যখন থেকে বিভিন্ন সমস্যার শুরু, তখনকার গল্পই উঠে এসেছে ছবিতে। এতে নার্গিস দত্তের জীবনের শেষ অধ্যায়টুকু দেখানো হয়েছে। তবে ছবিটিতে বাবা-ছেলের কাহিনিই বেশি প্রাধান্য পেয়েছে।’ শুধু নার্গিসের জীবন নিয়ে বায়োপিক চলচ্চিত্র নির্মিত হলে তাতে নাম ভূমিকায় অভিনয়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন মনীষা।
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী নার্গিস। আরেক খ্যাতিমান অভিনেতা সুনীল দত্তকে বিয়ে করেছিলেন তিনি। এই দম্পতির ছেলে সঞ্জয় দত্ত। মা-বাবার পদাঙ্ক অনুসরণ করেই বলিউডে পা রেখেছিলেন তিনি। তাঁর জীবনের নানা ঘটনা নিয়েই সাজানো হয়েছে ‘সঞ্জু’। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এই পরিচালকের অধীনেই মুন্নাভাই সিরিজের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। সেগুলো দিয়েই বলিউডে নতুন করে আলোচনায় আসেন তিনি।