নার্গিসের জন্মদিনে গুগল ইন্ডিয়ায় ডুডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের হোমপেজে আজ সোমবার একটি বিশেষ ডুডলের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী নার্গিসের ৮৬তম জন্মদিন স্মরণ করা হচ্ছে।
গুগলের হোমপেজে আজ সোমবার একটি বিশেষ ডুডলের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী নার্গিসের ৮৬তম জন্মদিন স্মরণ করা হচ্ছে।

হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী নার্গিসের ৮৬তম জন্মদিন আজ। গুগলের হোমপেজে আজ সোমবার একটি বিশেষ ডুডলের মাধ্যমে ‘মাদার ইন্ডিয়া’খ্যাত এ তারকা অভিনেত্রীর ৮৬তম জন্মদিন স্মরণ করছে ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগল ইন্ডিয়ায় (www.google.co.in) দেখা যাচ্ছে বিশেষ এই ডুডল।
হিন্দি চলচ্চিত্রে নার্গিসের অসামান্য অবদানকে স্মরণ করতে গুগল আজ এই বিশেষ ডুডল তৈরি করেছে। সেখানে দেখা যাচ্ছে, নার্গিস অভিনীত সাদাকালো চলচ্চিত্রের দৃশ্যের আদলে তৈরি করা নার্গিসের মুখাবয়ব। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
চল্লিশ ও পঞ্চাশের দশকে রূপালি পর্দা কাঁপিয়েছেন নার্গিস। কলকাতায় একটি পাঞ্জাবি পরিবারে তাঁর জন্ম ১৯২৯ সালের ১ জুন। জন্মের সময় তাঁর নাম রাখা হয়েছিল ফাতিমা রশীদ। শিশুশিল্পী হিসেবে নার্গিসের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ‘আগ’, ‘আওয়ারা’, ‘শ্রী ৪২০ ’, ‘বারাসাত’, ‘চোরি চোরি’র মতো ছবিতে অভিনয় করে হিন্দি চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন তিনি।

১৯৫৭ সালে মুক্তি পাওয়া ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে নার্গিসের অসাধারণ অভিনয় মুগ্ধ করে চলচ্চিত্রপ্রেমী দর্শকদের। ছবিটি তাঁকে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার এনে দেয়। ‘মাদার ইন্ডিয়া’ সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়নও পায়। সেরা অভিনেত্রী বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নার্গিস। ১৯৬৭ সালে মুক্তি পাওয়া ‘রাত অউর দিন’ ছবির জন্য পুরস্কারটি পান তিনি।
অভিনেতা সুনীল দত্তকে বিয়ে করেন নার্গিস। তাঁদের তিন সন্তান সঞ্জয় দত্ত, প্রিয়া ও নম্রতা। ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৮১ সালে মৃত্যুবরণ করেন নার্গিস। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তাঁর মৃত্যুর মাত্র একদিন পর আলোর মুখ দেখে সঞ্জয় দত্তের অভিষেক ছবি ‘রকি’।