নাসিরুদ্দিনের মন্তব্যে খেপেছেন টুইঙ্কেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিরুদ্দিন শাহ
নাসিরুদ্দিন শাহ
টুইঙ্কেল খান্না
টুইঙ্কেল খান্না

বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নাকে নিয়ে কিছুদিন আগে নাসিরুদ্দিন শাহ বলেছিলেন, তিনি ‘দুর্বল অভিনেতা’। সেই মন্তব্যের কারণেই তাঁর মেয়ে টুইঙ্কেল খান্না এখন দারুণ খেপেছেন। টুইটারে নাসিরুদ্দিন শাহকে উদ্দেশ করে লিখেছেন, ‘স্যার, জীবিতকে সম্মান করতে না পারলে অন্তত মৃত ব্যক্তিকে তো সম্মান করুন।’
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে যুগে যুগে বলিউডের চলচ্চিত্রের মান নিয়ে কথা বলেছিলেন নাসিরুদ্দিন শাহ। একপর্যায়ে সাদা-কালো ছবির যুগের অবসান ঘটিয়ে রঙিন চলচ্চিত্রের চল শুরু হয়—সে সময়টা নিয়ে এই গুণী অভিনেতা বলেন, ‘সে সময়টায় নায়িকাকে বেগুনি রঙের পোশাক আর নায়ককে লাল শার্ট পরিয়ে কাশ্মীরের সুন্দর লোকেশনে শুটিং করলেই দর্শক মুগ্ধ হয়ে যেতেন। কোনো গল্প, পাণ্ডুলিপি কিংবা অভিনয়ে মেধার দরকার হতো না। রঙিন যুগের সিনেমার এই ছিল এক সুবিধা। আমি নিশ্চিত, রাজেশ খান্না এসব কারণেই তখন বলিউডপ্রেমীদের কাছে ঈশ্বররূপে আবির্ভূত হয়েছিলেন।’
‘আরাধনা’, ‘হাতি মেরে সাথি’ ও ‘আনন্দ’-এর মতো সফল ছবির নায়ক রাজেশ খান্নাকে নিয়ে নাসিরুদ্দিন শাহ আরও বলেন, ‘আমার দেখা সবচেয়ে সীমাবদ্ধ মেধাসম্পন্ন অভিনেতা ছিলেন রাজেশ খান্না। তাঁর জ্ঞানের পরিধি নিয়ে আমার বরাবরই সন্দেহ ছিল। খুব দুর্বল অভিনেতা তিনি।’
বাবার প্রসঙ্গে এমন মন্তব্যগুলো ঠিক হজম করতে পারেননি একসময়ের বলিউডের আলোচিত অভিনেত্রী টুইঙ্কেল খান্না। যদিও খান্না পরিবারের সঙ্গে নাসিরুদ্দিন শাহের সম্পর্ক খুব দৃঢ়। এ বছরের প্রথম দিকে একটি বই প্রকাশনার অনুষ্ঠানে টুইঙ্কেলের সঙ্গে দেখা গিয়েছিল নাসিরুদ্দিনকে। গত বছর মুক্তি পাওয়া ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবিতে টুইঙ্কেলের মা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে এবং স্বামী অক্ষয় কুমারের সঙ্গে ‘মহরা’ সিনেমাতেও এই অভিনেতাকে দেখা গিয়েছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।