নায়িকা টাইগার
বলিউডে অ্যাকশন হিরো হিসেবে পরিচিত টাইগার শ্রফ। পাশাপাশি নাচ আর মার্শাল আর্টেও দারুণ পারদর্শী তিনি। তাঁর ম্যানলি লুকের ভক্ত হাজার হাজার সিনেমাপ্রেমী। তবে একসময় এই লুকের জন্য ট্রলড হতে হতো টাইগারকে। এমনকি তাঁকে অনেকে মেয়ে বলেও কটাক্ষ করেছেন। সম্প্রতি আরবাজ খানের শো ‘পিঞ্চ টু’তে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কিছু কথা খুলে বলেছেন টাইগার।
জ্যাকি শ্রফের পুত্র টাইগার বলেছেন, অভিনয়জীবনের শুরুর দিকে তাঁকে তাঁর লুক নিয়ে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এ প্রসঙ্গে টাইগার বলেন, ‘সিনেমা রিলিজের আগে আমার লুক নিয়ে খুব ট্রল করা হয়েছিল। অনেকে প্রশ্ন করতেন, আমি ছবির নায়ক, না নায়িকা? লোকে এ–ও বলতেন, আমাকে দেখে নাকি জ্যাকি দাদার ছেলে বলে মনে হয় না।’
ট্রল নিয়ে টাইগার বলেছেন, ‘আপনি যদি ট্রলড হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই প্রভাবশালী। আজ আমি যা হয়েছি, তা দর্শকদের জন্যই। আপনাদের হৃদয়ে আমি নিজের জায়গা করে নিয়েছি। আর এটাই আমার জন্য যথেষ্ট।’
চলচ্চিত্রজগতের কেউ কেউও টাইগারের লুক নিয়ে কটাক্ষ করেছেন। এদের মধ্যে একজন রাম গোপাল ভার্মা।
জনপ্রিয় এই পরিচালক একবার বলেছিলেন, টাইগারের উচিত ওর বাবা জ্যাকির থেকে শেখা, পুরুষত্ব কী। জবাবে অত্যন্ত বিনয়ের সঙ্গে টাইগার বলেছিলেন, ‘বাবার তুলনায় আমি অর্ধপুরুষও নই। উনি আসল হিরো। চেষ্টা করেও আমি ওনার মতো হতে পারব না।’
টাইগারকে ‘গণপত’, ‘হিরোপান্তি টু’, আর ‘বাগি ফোর’ ছবিতে দেখা যাবে। তিনটি ছবিতেই তিনি লোমহর্ষক অ্যাকশন করবেন।