নায়িকাদের জন্যও চরিত্র লেখা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্মিলা ঠাকুর
শর্মিলা ঠাকুর

বুড়িয়ে গেলেও দিব্যি নায়ক হিসেবে অভিনয় চালিয়ে যাচ্ছেন ভারতের দুই তারকা অমিতাভ বচ্চন ও রজনীকান্ত। সিনেমার গল্পে তাঁদের জন্য বিশেষভাবে চরিত্র তৈরি করা হয়। জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর সম্প্রতি একটি অনুষ্ঠানে বললেন, জ্যেষ্ঠ অভিনেত্রীদের জন্যও ছবির চিত্রনাট্যে বিশেষভাবে চরিত্র তৈরি করা উচিত।
শর্মিলা ঠাকুর বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়, আমার ইচ্ছা কী? আমি বলি, কিছু অভিনেত্রীর কথা বিশেষভাবে মাথায় রেখে ছবির চরিত্র তৈরি করা উচিত। মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, ওয়াহিদা রেহমান ও আমার জন্য চরিত্র লেখা দরকার। কারণ, অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে নিয়ে বিশেষ চরিত্র তৈরি হয়। গল্পে সেই চরিত্রটিই প্রাধান্য পায়। আমি মনে করি, এখন পরিবর্তন দরকার।’ নারী-পুরুষ বৈষম্য নিয়ে তিনি আরও জানান, সবকিছুতে পুরুষকে প্রাধান্য দেওয়ার বিষয়টি সবার মনে গেঁথে গেছে। এই চিন্তার পরিবর্তন হওয়া উচিত।

শর্মিলা তাঁর জীবনী লিখতে চান। কিন্তু কবে নাগাদ লিখবেন, তা এখনো নিশ্চিত নন। এর আগে শোনা গিয়েছিল, তাঁর জীবনী নিয়ে ছবি তৈরি হলে সেখানে আলিয়া ভাটকেই তাঁর পছন্দ। এবারও বললেন, পছন্দের তালিকায় বর্তমানে বলিউডের নায়িকাদের মধ্যে আলিয়াকেই রাখছেন সবার আগে। হিন্দুস্তান টাইমস।