নায়িকার কাছে করণ জোহরের আবদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা ও বিরাট কোহলি
আনুশকা শর্মা ও বিরাট কোহলি

ইতালিতে বিয়ে করে দেশে ফেরার পর একটি ফোনকল পেয়ে অবাক হন আনুশকা শর্মা। ফোনকলটি করণ জোহরের। গত বছর বলিউডের এই জনপ্রিয় পরিচালক ও প্রযোজকের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন। এবার তাঁর কাছ থেকে ফোনকল পেয়ে আনুশকা শর্মা ভেবেছিলেন, করণ নতুন ছবিতে তাঁকে ভেবেছেন। কিন্তু না, ঘটনা অন্য। স্টার প্লাসে শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো, নাম ‘ইন্ডিয়ান নেক্সট সুপারস্টার’। ১২ বছর বয়সের ছেলেমেয়েদের নিয়ে এই আয়োজনের ভাবনা একবারেই নতুন। এই অনুষ্ঠানের একটি পর্বে নবদম্পতি আনুশকা শর্মা আর বিরাট কোহলিকে আমন্ত্রণ জানান তিনি। অনুরোধ করেছেন আমন্ত্রণটি গ্রহণ করার জন্য। পছন্দের মানুষের কাছ থেকে এই আমন্ত্রণ পেয়ে আপ্লুত হন আনুশকা। এ ছাড়া তাঁরা কথা বলেন আরও নানা বিষয়ে।

জানা গেছে, বিয়ের পর স্টার প্লাসের ‘ইন্ডিয়ান নেক্সট সুপারস্টার’ অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে আনুশকা শর্মা আর বিরাট কোহলি দম্পতির।

ইতালিতে বিয়ে, আর ভারতের দিল্লি ও মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পর এখন কাজে মন দেওয়ার পালা। ভারতের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দিতে এরই মধ্যে অধিনায়ক বিরাট কোহলি পৌঁছে গেছেন দক্ষিণ আফ্রিকায়। সঙ্গে আছেন নববধূ আনুশকা শর্মা। সেখানে লম্বা সিরিজ খেলতে হবে।

জানা গেছে, টেস্ট সিরিজের পর কয়েক দিনের জন্য ভারতে আসার জন্য আবেদন করেছেন বিরাট কোহলি। ধারণা করা হচ্ছে, ওই ছুটিতে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আনুশকা ও বিরাট কোহলি ‘ইন্ডিয়ান নেক্সট সুপারস্টার’ অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেবেন। আর আনুশকা শর্মা ছবির শুটিং শুরু করবেন আরও কিছুদিন পর।