নায়িকার কাছে ক্ষমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* ‘আইয়ারি’ ছবির প্রচারণায় এসে সিদ্ধার্থ মালহোত্রা ভোজপুরি ভাষায় কিছু বলার চেষ্টা করেন।
* পরে বলেন, ‘কিছুটা শৌচাগারের মতো অনুভূতি হয়েছে। তবু মজা পেয়েছি।’
* এই ‘শৌচাগার’ শব্দেই চটেছেন নিতু চন্দ্র।
* ভুল বুঝতে পেরে সেদিন রাতেই সিদ্ধার্থ ক্ষমা প্রার্থনা করেন।
* সিদ্ধার্থ বলেন, ‘কাউকে অশ্রদ্ধা করার জন্য কিছু বলিনি।

 

সিদ্ধার্থ মালহোত্রা
সিদ্ধার্থ মালহোত্রা

কথায় আছে, মুখের কথা আর পিস্তলে ছোড়া গুলি একই সমান। কারণ, দুটোর একটাও একবার বের করলে আর ফেরত নেওয়ার উপায় থাকে না। এ জন্য ভেবেচিন্তে মন্তব্য করা ভালো। আর তারকারা যদি কিছু ভুলভাল বলে ফেলেন, তাহলে তো খবরই আছে। সম্প্রতি বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা উটকো মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে রোষের শিকার হয়েছেন। এমনকি তাঁকে ধিক্কার জানিয়েছেন বিহারের নায়িকা নিতু চন্দ্র। সিদ্ধার্থ অবশ্য তাঁর নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন। নিশ্চয়ই মনে মনে ভাবছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির নম্র ভদ্র এই নায়কের কী কথায় চটেছেন নিতু?

সম্প্রতি ‘বিগ বস’ অনুষ্ঠানে ‘আইয়ারি’ ছবির প্রচারণায় এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও মনোজ বাজপেয়ি। সেখানে সিদ্ধার্থকে উপস্থাপক সালমান খান ভোজপুরি ভাষায় কিছু বলার জন্য অনুরোধ করেন। কিন্তু এই নায়কের ভোজপুরি ভাষার জ্ঞান খুবই কম। তাই মনোজের সহায়তায় এই ভাষায় কয়েকটি সংলাপ বলার চেষ্টা করেন সিদ্ধার্থ। এই পর্যন্ত সব ঠিক ছিল। তবে সংলাপ শেষেই এই ‘কাপুর অ্যান্ড সনস’ ছবির তারকা বলেন, ‘কিছুটা শৌচাগারের মতো অনুভূতি হয়েছে। তবু মজা পেয়েছি।’

নিতু চন্দ্র
নিতু চন্দ্র

এই ‘শৌচাগার’ শব্দেই চটেছেন নিতু চন্দ্র। গত সোমবার টুইটারে সিদ্ধার্থের সেই ভিডিওটি শেয়ার করে নিজের ক্ষোভ ঝাড়েন তিনি। জাতীয় গণমাধ্যমে ভোজপুরি ভাষাকে অশ্রদ্ধা করার জন্য সিদ্ধার্থকে ধিক্কার জানান। যদিও সিদ্ধার্থের মুখে ওই কথা শুনে মঞ্চে থাকা সালমান আর মনোজ খুব হেসেছিলেন, কিন্তু নিতু চন্দ্র তাঁদের কিছু বলেননি। এরপর নিতুর টুইটের জের ধরে অন্যরাও সিদ্ধার্থকে ধুয়ে দেন। পরে সেদিন রাতেই সিদ্ধার্থ সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই তারকার ভাষ্য, ‘সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে নতুন ভাষায় কথা বলার চেষ্টা করেছি। এর ফলে যদি কারও অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, তাহলে ক্ষমা চাইছি। কিন্তু আমি কাউকে অশ্রদ্ধা করার জন্য কিছু বলিনি।’

নিজের মাতৃভাষাকে ছোট করায় ক্ষিপ্ত নিতু বলেন, ‘আমি কারও বিরুদ্ধে নই। বরং আমি আমার মাতৃভাষার পক্ষে। এর আগেও আমার ভাষাকে কটাক্ষ করার প্রতিবাদ করেছি।’ তামিল, তেলেগু, হিন্দি ও কন্নড় ভাষার নায়িকা নিতু অভিনয়ের পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ক্ল্যাসিকাল নৃত্যশিল্পী। তিনি খেলাধুলার সঙ্গেও যুক্ত আছেন। এনডি টিভি