নায়িকার গোপন তথ্য প্রকাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপ্তি নাভাল
দীপ্তি নাভাল

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ও পরিচালক দীপ্তি নাভালের গোপন বিভিন্ন তথ্য প্রকাশের হুমকি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার পাঠানো এক ই-মেইলের মাধ্যমে দীপ্তি নাভালকে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে যদি ই-মেইল প্রেরকের বরাবর ৫ হাজার ৬০০ ডলার অথবা ৩ লাখ ৯০ হাজার রুপি দিতে হবে, অন্যথায় দীপ্তি নাভালের সার্চ করা ইন্টারনেটের যাবতীয় তথ্য ফাঁস করে দেওয়া হবে। এই ই-মেইলে দীপ্তি নাভালের ই-মেইলের ইউজারনেম ও পাসওয়ার্ড দেওয়া হয়।

পরদিন বুধবার পুলিশের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন দীপ্তি নাভাল। তাঁর অভিযোগের ব্যাপারে এরই মধ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞ ও মামলার তদন্ত কর্মকর্তা রীতেশ ভাটিয়া বলেন, ‘এ ধরনের ই-মেইল সবার এড়িয়ে যাওয়া উচিত৷ আপনার সঠিক ইউজার নেম, পাসওয়ার্ড ই-মেইলে লেখা রয়েছে মানে এই নয় যে তার কাছে আপনার তথ্য, ব্রাউজিং হিস্ট্রি কিংবা কোনো ভিডিও আছে৷ এ ধরনের মেলওয়্যার স্ক্যাম ই-মেইলে কমবেশি সবাই পেয়ে থাকেন৷’ তিনি আরও বলেন, ‘এ ধরনের অভিযোগ তারা নিয়মিত পান। তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’