নিউইয়র্কের বিলবোর্ডে প্রিয়াঙ্কা

নিউইয়র্কের টাইমস স্কয়ারে শোভা পাচ্ছে জলবায়ু পরিবর্তনবিষয়ক একটি প্রচারণার বিলবোর্ড। বিলবোর্ডে হলিউডের অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডেরাস, চায়নিজ অভিনেত্রী ও গায়িকা লি বিংবিং-এর পাশে ঠাঁই পেয়েছেন বলিউডের অভিনেত্রী ও গায়িকা প্রিয়াঙ্কা চোপড়া।
এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘এটি এমন কিছু নয় যাকে অবহেলা করা যায়...। জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং আমাদের দায়িত্ব এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। এ জন্য আমাদের প্রয়োজনীয় সবকিছুই করতে হবে। প্রচারণাটি টাইমস স্কয়ারে চলছে, যা সত্যিই অনেক আনন্দের। আমার প্রত্যাশা, এর ব্যাপ্তি অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমাদের পরিবেশ রক্ষার কাজটি নিঃসন্দেহে মহৎ একটি কাজ এবং এতে আমি গভীরভাবে বিশ্বাস করি। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে অনেক বিশ্ব নেতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’
ইউএন ক্লাইমেট চেঞ্জ সামিটের জন্য একটি ভিডিও শুটিংয়েও অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। ভিডিও শুটিংয়ে আরও অংশ নিয়েছেন মার্কিন রাজনীতিবিদ আল গোর, গায়িকা অ্যালিসন সুডোল, অস্ট্রেলীয় অভিনেত্রী বিন্ডি আরউইন, মার্কিন অভিনেতা ও নির্মাতা এড নরটন, ধনাঢ্য ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গ এবং মডেল ও অভিনেতা ইয়ান সমারহোল্ডার।
এদিকে প্রিয়াঙ্কার কাছের একটি সূত্র জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ওপর এই ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে আমন্ত্রণ জানানো হয়েছে জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রবার্ট ওরের কার্যালয় থেকে।