নিজেই নিজের নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপসী পান্নু
তাপসী পান্নু

বলিউডের ছবি নাম শাবানা-তে তাপসী পান্নুর চরিত্রটা মারকুটে বটে। ছবির প্রচারণা করতে গিয়ে এই পিঙ্ক তারকা নারীদের আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকতে উদ্বুদ্ধ করেছিলেন। এমনকি নাম শাবানা-র সহ–অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে একটি ভিডিওতে তাপসীকে দেখা গেছে নারীরা কীভাবে নিজেদের আত্মরক্ষা করতে পারেন, সেই বর্ণনা দিতেও। সেই ছবি মুক্তি পেয়েছে বেশ আগে। তাই আপাতত সেই সময়কার কথা থাক। নতুন খবর হলো, নারী নিরাপত্তার ইস্যু নিয়ে তাপসী এবার কাজ করছেন এফআইসিসিআই লেডিস অর্গানাইজেশনের সঙ্গে। এই সংস্থা আয়োজন করছে আত্মরক্ষার জন্য একটি প্রশিক্ষণ। এর সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন তাপসী।

সম্প্রতি এক বিবৃতিতে তাপসী পান্নু বলেন, ‘নারীদের আত্মরক্ষার জন্য আমি সব সময়ই জোর গুরুত্ব দিই। শুধু মার্শাল আর্ট নয়, নিজেদের নিরাপদ রাখার জন্য যে শক্তি দরকার, সেই শক্তিটা নারীদের মনের মধ্যে স্থাপন করে দিতে হবে। প্রত্যেক নারীকে মনে রাখতে হবে, তাঁদের নিজেদেরই নিজেদের নায়ক হতে হবে।’

আদিত্য থেকারের সঙ্গে মিলে অক্ষয় কুমার চালু করেছেন ওম্যানস সেলফ ডিফেন্স সেন্টার। তাঁদের সঙ্গেও তাপসী যোগ দিয়েছেন সম্প্রতি। নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেয় ওম্যানস সেলফ ডিফেন্স সেন্টার।

তাপসী পান্নু কিন্তু নিজেও আত্মরক্ষার জন্য নিয়মিত মার্শাল আর্ট চর্চা করেন। নিজের নায়ক তিনি নিজেই। তাঁকে বিপদ থেকে রক্ষা করতে অন্য নায়কের প্রয়োজন নেই। সূত্র: বলিউড বাবল।