নিজেকে চেনাতে চান তাপসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপসী পান্নু
তাপসী পান্নু

তাপসী পান্নু এখন হাওয়ায় ভাসছেন। কারণ, সম্প্রতি বলিউডে তাঁর অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে এবং দুটিতেই প্রশংসিত হয়েছেন এই নায়িকা। এর মধ্যে একটি ছবির নাম ‘মুল্ক’, অন্যটি ‘মনমর্জিয়া’। কিন্তু এত প্রশংসা আর সাফল্যের পর একটা আক্ষেপ তাপসীর মনে রয়েই গেছে। সেই আক্ষেপটা হলো, তাঁকে নাকি এখনো অনেকে চেনে না। রাস্তায় বেরোলে ভক্তরা তাঁকে ঘিরে ধরে না। এই নায়িকার স্বপ্ন, একদিন মানুষ তাঁকে ঘিরে ধরবে। এ জন্য দিন-রাত এক করে একের পর এক ছবিতে অভিনয় করে যাচ্ছেন তাপসী।

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘মনমর্জিয়া’ ছবি মুক্তি পেয়েছে গত শুক্রবার। ছবির পুরোটাই অভিনেত্রী তাপসী পান্নুকে ঘিরে। মাত্র তিন দিনের মধ্যেই তাঁর অভিনয় চারদিকে সাড়া ফেলে দিয়েছে। ছবি মুক্তির পরপরই তাঁর অনুভূতি জানার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো যোগাযোগ শুরু করে তাপসীর সঙ্গে। এই সাফল্য কেমন লাগছে?-এর উত্তরে তাপসী বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। তবে এটা আসলে শুরু মাত্র। আমি এখনো তেমন বড় কোনো তারকা শিল্পী হতে পারিনি, যার বছরে একটি ছবি সফল হলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। আমার কাজ করে যেতে হবে, ছবি সফল হোক কিংবা ব্যর্থ। যত দিন মানুষ আমাকে একনামে না চেনে, তত দিন পর্যন্ত গতি কমানো যাবে না। কমালেই দর্শক আমাকে ভুলে যাবে।’

তাপসী ‘পিংক’ ও ‘নাম শাবানা’র মতো গুরুগম্ভীর বিষয় নিয়ে তৈরি ছবিতে যেমন কাজ করেছেন, তেমনি অভিনয় করেছেন ‘জুড়ুয়া টু’র মতো বলিউডের বাণিজ্যিক ছবিতে। কিন্তু এরপরও তাঁর ধারণা, নিজেকে প্রথম সারির অভিনেত্রী বলার সময় আসেনি তাঁর। তাই তিনি বলেন, ‘আমি তারকা শিল্পী হতে চাই। এর মানে এই নয় যে আমি অভিনয়ের দিকে মনোযোগ না দিয়ে শুধু তারকা হওয়ার চেষ্টা করে যাব। আমি অভিনয়ের জোরে তারকা হতে চাই। এ জন্য কাজ করতে চাই বছরজুড়ে, নানা ধরনের ছবিতে। যেন আমার ছবি দেখা দর্শকের অভ্যাসে পরিণত হয়।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।