নিজের ছবি দেখেন না শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

প্রতিটি ছবি মুক্তির আগে শাহরুখ কিছু না কিছু অন্য রকম কাজ করে থাকেন। ছবির প্রচারণায় তাঁর অনন্য কিছু করা চাই-ই চাই। ‘কিং খান’ বলে কথা। কিন্তু ছবি মুক্তির সময় নাকি আলাদা কোনো অনুভূতি কাজ করে না তাঁর। কী অবাক করা কথা! অবাক হলেও এ কথা বিশ্বাস করতে হবে। কারণ, খোদ শাহরুখ এটি স্বীকার করেছেন। শুধু কি তা-ই? অনেক দিন ধরে নাকি নিজের অভিনীত ছবিও দেখেন না বলিউডের এই মহাতারকা।

আসলে ছবির শুটিং ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করে ক্লান্ত হয়ে পড়েন শাহরুখ। তাঁর ভাষ্যে, ‘শেষে এসে আমি খুব ক্লান্ত হয়ে যাই। তাই নতুন ছবি মুক্তি পাচ্ছে বলে আমার মধ্যে আলাদা কোনো অনুভূতি কাজ করে না।’

শাহরুখ আরও বলেন, প্রতিটি ছবি বড় পর্দায় মুক্তির আগে ট্রায়াল শো হয়। সেখানে কোন কোন জিনিস ভালো হয়েছে, আর কী খুঁত রয়েছে, সে বিষয়ে মানুষ মন্তব্য করেন। আমি বেশির ভাগ সময়ই সেই ট্রায়ালে উপস্থিত থাকি না।’ এমনকি, দীর্ঘদিন ধরে নাকি ‘কিং খান’ নিজের ছবি দেখেন না। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি এত এত দর্শক না জানি কতবার দেখেছেন, কিন্তু ছবির অভিনেতা শাহরুখই এই ছবি এখন পর্যন্ত একটিবারও দেখেননি। আবার ‘জাব তাক হ্যায় জান’ ছবির উদ্বোধনী প্রদর্শনী বেশ জাঁকজমক করে পালন করা হয়েছিল। কিন্তু সেই ছবিও অর্ধেক দেখে হল থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। ফিল্মফেয়ার।