নিজের জন্য দীপিকার 'সৌভাগ্য' চাইলেন রণবীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর ও দীপিকা পাডুকোণ
রণবীর কাপুর ও দীপিকা পাডুকোণ

বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোণ ইদানীং যা স্পর্শ করছেন তাই যেন সোনা হয়ে যাচ্ছে। যে ছবিতেই অভিনয় করছেন তিনি সে ছবিই বক্স অফিস হিট! সম্প্রতি রণবীর কাপুর তাঁর সাবেক প্রেমিকা দীপিকা পাডুকোণের এই ‘সৌভাগ্য’ প্রসঙ্গে জানিয়েছেন, দীপিকার এ সাফল্যের বিষয়টিকে শুধু সৌভাগ্যের লেবেল এঁটে দিলে তাঁকে খাটো করা হবে। তিনি বলেন, ‘বলার অপেক্ষা রাখে না, আজ সে যেখানে এসে দাঁড়িয়েছে; সেখানে পৌঁছানোর জন্য তাঁকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে।’ রণবীর-দীপিকা অভিনীত সাম্প্রতিক ছবি ‘তামাশা’ প্রসঙ্গে রণবীর রসিকতা করেই বলেন, ‘আশা করি, এ ছবির ক্ষেত্রে দীপিকার সৌভাগ্যের বিষয়টিই আমার ওপরে কাজ করবে; আমার ‘দুর্ভাগ্য’ নয়।’
‘বোম্বে ভেলভেট’ ছবির ভরাডুবির পর বিষণ্ন ও হতাশ রণবীর এই প্রথম প্রকাশ্যে এমন রসিকতা করলেন। সম্ভবত ‘তামাশা’ ছবির ওপরেই এবারে বাজি ধরতে চাইছেন রণবীর। কেননা এবারে ‘সৌভাগ্য’ নিয়ে তাঁর পাশে আছেন ‘তামাশা’ ছবির জুটি দীপিকা পাডুকোণ।
‘বোম্বে ভেলভেট’ ছবি ফ্লপের পর রণবীর জানিয়েছিলেন, বলিউডের অনেকেই তাঁকে ফোন করে, খুদে বার্তা পাঠিয়ে, নানাভাবে তাঁকে জানিয়েছেন, তাঁর এ দুঃসময়ে রণবীরের পাশেই আছেন তাঁরা।
সম্ভবত রণবীরের পাশে দীপিকাও আছেন। কেননা প্রেমের সম্পর্কের ইতি টানার পরও এ দুজনের সম্পর্কটি পর্দা এবং পর্দার বাইরের জীবনেও চমৎকার।
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে রণবীর-দীপিকার রসায়ন দেখে দর্শক মুগ্ধ হয়েছেন। এ ছবির ব্যাপক সাফল্যের পর আবারও এই জুটিকে নিয়েই ‘লাভ আজকাল’ ছবির নির্মাতা ইমতিয়াজ আলী বানিয়েছেন নতুন ছবি ‘তামাশা’। রণবীর-দীপিকার ‘তামাশা’ মুক্তি পাওয়া কথা এ বছরের নভেম্বর মাসের ২৭ তারিখে।
দেখা যাক, এবারে দীপিকার সৌভাগ্যে ‘তামাশা’ ছবি দিয়ে রণবীরের কপাল খোলে কিনা! প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।