নিজের দেশ ফেরত চান অদিতি

চিতোরের রানি পদ্মাবতীকে নিয়ে চলচ্চিত্র তৈরি করে ভালোই বিপদে পড়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। তাঁর বিরুদ্ধে ইতিহাস বিকৃতি, ধর্মীয় অবমাননা, রানিকে হেয় করাসহ নানা অভিযোগ আনা হয়েছে। যে রানিকে ‘অপমান’ করার জন্য আজ ভারতীয় কট্টরপন্থীরা বানসালি ও দীপিকা পাড়ুকোনের মাথা কেটে নেওয়ার পুরস্কার ঘোষণা করছেন, সেই রানি পদ্মাবতী সত্যিই ইতিহাসের অংশ, নাকি কেবল কল্পনাপ্রসূত এক চরিত্র—তা নিয়ে এখন চলছে বিতর্ক। এ পরিস্থিতিতে জাতির সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন নায়িকা অদিতি রাও হায়দারি। কিন্তু যাঁরা ‘পদ্মাবতী’ ছবির বিরোধিতা করছেন, তাঁদের কেউই হয়তো এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারবেন না।
বানসালির ‘পদ্মাবতী’ ছবিতে দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি। বাস্তবেও এই নায়িকার শরীরে বইছে রাজপরিবারের রক্ত। অদিতির নানা রামেশ্বর রাও ছিলেন ওয়ানাপার্থির রাজপুত্র। এই নায়িকা আজ বুধবার দুপুরে টুইট করে নিজের দেশকে আগের অবস্থায় ফেরত চেয়েছেন।
তিনি লিখেছেন, ‘আমি বুঝতে পারি না যখন বাস্তবে নারীরা ধর্ষিত, অত্যাচারিত, নির্যাতিত হয় আর বিক্রি হয়ে যায় অথবা ভ্রূণ অবস্থায় গর্ভেই তাদের হত্যা করা হয়, তখন কেন এই মানুষগুলোর রাগ হয় না? তখন কেন কেউ এর পরিবর্তন দাবি করেন না।’

রাজস্থানের করনি সেনাসহ ভারতের বিভিন্ন রাজ্যের কট্টরপন্থীরা ‘পদ্মাবতী’ ছবির মুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন আবার দাবি করেছেন, ছবিটি মুক্তি দিতে চাইলে আগে তাঁদের দেখাতে হবে। প্রয়োজনে ছবির কিছু দৃশ্য কর্তন করতে হবে। এই মানুষগুলোর উদ্দেশে টুইট করেছেন অদিতি।
বলিউডের এই তারকা আরও লিখেছেন, ‘আমি আমার দেশকে খুব ভালোবাসি। কিন্তু এখন আমি আমার দেশকে ঠিক বুঝে উঠতে পারি না। আমি আশা করি, দেশের মানুষ বুঝতে পারবেন এটি কোন পথে এগোচ্ছে। আচ্ছা, আমি কি আমার দেশটি ফেরত পেতে পারি?’
গত সোমবার অদিতি ক্ষুব্ধ হয়ে আরেকটি টুইট করেছিলেন। সেখানে তিনি জানতে চান, একজন সন্ত্রাসী আর রাজনৈতিক নেতার মধ্যে পার্থক্য কী? ‘পদ্মাবতী’ বিতর্কে ভারতীয় সরকারের নীরব থাকা নিয়েও প্রশ্ন তোলেন এই তারকা। তিনি বলেন, ‘এটি সমগ্র ভারতের জন্য লজ্জার।’ বলিউড বাবল