নিজের ভাগ্য নিজেই গড়েছেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘দিলওয়ালে’ ছবিটি নিয়ে খুদে ব্লগসাইট টুইটারে ‘ফ্লায়িং হাই’— এমন মন্তব্য করেছেন অভিনেতা হৃতিক রোশন। ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘ডন ২’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের এই অভিনেতা। হৃতিক শুধু ‘দিলওয়ালে’ ছবির ভূয়সী প্রশংসাই করেননি; পাশাপাশি শাহরুখ খান সম্পর্কে বলেছেন, নিজের ভাগ্য নিজে গড়ার জন্য সুপরিচিত বলিউডের ‘কিং খান’।
গত শুক্রবার মুক্তি পাওয়া রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন, কাজল, বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন।
মুক্তির দিনেই ২১ কোটি রুপি আয় করেছে ছবিটি।
‘ব্যাং ব্যাং’ তারকা হৃতিক আরও লিখেছেন, ‘এটা একটা পাখি, এটা একটা উড়োজাহাজ... না, এটা ‘দিলওয়ালে’। উঁচুতে উড়ছে! তিনি টুইটে আরও লেখেন, ‘অভিনন্দন সেই মানুষকে, যে নিজের ভাগ্য নিজে তৈরি করে ব্লক বাস্টার সময়ে! আমার জন্য শেষ নাচটি সংরক্ষিত রেখ।’

শাহরুখ খান ও হৃতিক রোশন
শাহরুখ খান ও হৃতিক রোশন

অভিনেতা ও পরিচালক রাকেশ রোশনের পুত্র অভিনয় ছাড়াও শাহরুখ খানের সঙ্গে ‘কিং আংকেল’, ‘করণ অর্জুন’ আর ‘কয়লা’-এর মতো ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছেন।
এদিকে, একই দিনে মুক্তি পাওয়া ‘বাজিরাও মাস্তানি’ ছবির রণবীর সিংকে নিয়েও সপ্তাহের শুরুতে মন্তব্য করেছেন এই অভিনেতা।
হৃতিক টুইটে লেখেন, ‘ও একসময় আমার ভক্ত ছিল। আর এখন আমি ওর...।’ তিনি আরও লেখেন, ‘আমাদের উচিত প্রত্যেক ছবির মধ্য দিয়ে এই চক্র বজায় রাখা। প্রণাম নাও।’ অভিনন্দন বন্ধুরা। তোমরা সবাই জয়ী! ” হৃতিক রোশনকে শিগগিরই বড়পর্দায় দেখা যাবে আশুতোষ গোয়ারিকারের ‘মহেঞ্জোদারো’ ছবিতে। এনডিটিভি।