নিন্দা জানানোর ভাষা নেই বলিউডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তোলা এই সেলফির অনেকেই সরব হয়েছেন নাগরিকত্ব আইনের বিপক্ষে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তোলা এই সেলফির অনেকেই সরব হয়েছেন নাগরিকত্ব আইনের বিপক্ষে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ২০১৯ সালের ১০ জানুয়ারি তোলা এক সেলফিতে ছিলেন আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, ভূমি পেড়নেকরসহ আরও অনেকে। সেই বলিউড তারকারাই আজ ভারতের রাজধানী নয়াদিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে।

সায়ানী গুপ্ত
সায়ানী গুপ্ত

সায়ানী গুপ্তা
‘আর্টিকেল ফিফটিন’খ্যাত তারকা সায়ানী গুপ্তা নরেন্দ্র মোদির সঙ্গে তোলা তারকাদের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নরেন্দ্র মোদি সরকারের পুলিশি আক্রমণ ও নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ার সময় এসেছে।’ এই টুইটটি তিনি রণবীর সিং, করণ জোহর, আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাওকে ট্যাগ করেছেন।

রাজকুমার রাও
রাজকুমার রাও

রাজকুমার রাও
‘নিউটন’, ‘ট্র্যাপড’, 'জাজমেন্টাল হ্যায় কেয়া’খ্যাত এই বলিউড তারকা লিখেছেন, ‘পুলিশ ছাত্রদের সঙ্গে যা করল, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। একটা গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো নাগরিকদের অধিকার। আমি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করারও নিন্দা জানাই। সহিংসতা কোনো কিছুর সমাধান নয়।’

আয়ুষ্মান খুরানা
আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা
সমাজসচেতন এই বলিউড অভিনেতা লিখেছেন, ‘গান্ধীর দেশে সহিংসতা চাই না। অহিংসাই সবকিছুর চূড়ান্ত বহিঃপ্রকাশ হওয়া উচিত। প্রতিবাদ জানানো মানুষের মৌলিক অধিকার। আসুন, আমরা গণতন্ত্রে বিশ্বাস রাখি।’

ভিকি কৌশল
ভিকি কৌশল

ভিকি কৌশল
‘রাজি’, ‘সঞ্জু’ ও ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’খ্যাত অভিনেতা ভিকি কৌশল লিখেছেন, ‘যা ঘটছে, তা মোটেও ঠিক হচ্ছে না। প্রতিটি মানুষের শান্তিপূর্ণভাবে নিজের মতপ্রকাশের অধিকার আছে। এই সহিংসতায় আমি দুঃখিত, আমি ক্ষুব্ধ। তীব্র নিন্দা জানাই।’

সিদ্ধার্থ মালহোত্রা
সিদ্ধার্থ মালহোত্রা

সিদ্ধার্থ মালহোত্রা
এ অভিনেতা লিখেছেন, ‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে এ ধরনের নৃশংস পুলিশি আক্রমণে আমি ক্ষুব্ধ। তীব্র নিন্দা জানাচ্ছি।’

ভূমি পেড়নেকর
ভূমি পেড়নেকর

ভূমি পেড়নেকর
এ অভিনেত্রী টুইটারে লিখেছেন, ‘সহিংসতার ফল কখনো ভালো হয় না। মতপ্রকাশের অধিকার আমাদের মৌলিক অধিকার। যেভাবে শিক্ষার্থীদের প্রতিহত করা হলো, তা দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। নিন্দা জানানোর ভাষা নেই।’

বরুণ ধাওয়ান
বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান
বরুণ ধাওয়ান একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে, হিন্দু, মুসলমান, শিখ ও খ্রিষ্ট ধর্মাবলম্বী—সবার হাত একসঙ্গে ভারতকে ধরে আছে। এভাবেই বরুণ ধর্মনিরপেক্ষতার পক্ষ নিয়েছেন।

অক্ষয় কুমার
অক্ষয় কুমার

অক্ষয় কুমার
জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার একটি পোস্টে লাইক দেওয়ায় অক্ষয় কুমারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের ঝড় শুরু হয়েছিল। নিজের অবস্থান পরিষ্কার করে অক্ষয় কুমার লেখেন, ‘টুইটারে স্ক্রল করতে করতে ভুলবশত সেখানে লাইক পড়ে যায়। যখনই আমি বুঝতে পেরেছি, সঙ্গে সঙ্গে আনলাইক করেছি। এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করার কোনো কারণ নেই। থাকতে পারে না।’

তিন খানের নীরবতা নিয়ে প্রশ্ন
টুইটারে অনেকেই শাহরুখ খান, আমির খান ও সালমান খানকে ট্যাগ করে শিক্ষার্থীদের ওপর অমানবিক হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন। শ্রীবাস্তব নামে একজন লিখেছেন, ‘শাহরুখ খান এখানকার প্রাক্তন শিক্ষার্থী। স্বাধীনতাসংগ্রাম যাঁরা করেছেন, সেই মওলানা আজাদের পরিবারের সদস্য আমির খান। সালমান খান বিয়িং হিউম্যানের উদ্যোক্তা। আর যখন আপনাদের কণ্ঠস্বর জরুরি হয়ে পড়ে, তখন কেন আপনারা কথা বলেন না? কিসের ভয় আপনাদের?’

আমান ওয়াদুদ নামের এক ব্যক্তি শাহরুখ খানকে ট্যাগ করে লিখেছেন, ‘আপনি তো জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীরা কী নৃশংসভাবে মার খেল। এত বড় একটা ঘটনায় আপনি কীভাবে চুপ আছেন? আপনি কি স্টকহোম সিনড্রোমে আক্রান্ত? আপনার সবচেয়ে বড় ভক্ত ছিলাম। আজ থেকে নিজেকে আর আপনার ভক্ত বলে দাবি করব না।’