নিভে গেল আনন্দের বাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবেন ভার্মা
দেবেন ভার্মা

বাসু চ্যাটার্জি, হৃষিকেশ মুখার্জি, গুলজারের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন বর্ষীয়ান কৌতুকশিল্পী দেবেন ভার্মা। ‘আন্দাজ আপনা আপনা’, ‘হালচাল’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘ইশক’সহ বলিউডের আরও অনেক ছবিতে দেখা গেছে তাঁকে। কিন্তু আর কোনো নতুন ছবিতেই তাঁকে দেখা যাবে না। নিভে গেছে আনন্দের বাতি। সোমবার দিবাগত রাত দুইটায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন গুণী এই অভিনয়শিল্পী। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
পুনের নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দেবেন ভার্মা। তাঁর কিডনিও অকেজো হয়ে গিয়েছিল। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।
স্নাতক ডিগ্রি অর্জনের পর চলচ্চিত্রশিল্পে যোগ দেন দেবেন। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে কৌতুকশিল্পী হিসেবেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর স্ত্রী প্রখ্যাত অভিনেতা অশোক কুমারের মেয়ে রুপা গাঙ্গুলি।
আজ দুপুরে দেবেন ভার্মার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুনের ইয়েরাওয়াড়া ক্রিমেটোরিয়ামে।