নিষেধাজ্ঞা নেই, সম্মান ফিরল

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১২ সালে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে অশোভন আচরণের দায়ে শাহরুখ খানের ওপর স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।সম্প্রতি কিং খানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এখন থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে শাহরুখের আর কোনো বাধা রইল না।
এ প্রসঙ্গে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট আশিস শেলারের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত পরশু ম্যানেজিং কমিটির এক সভায় কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট শারদ পাওয়ারের অনুমতি নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব করা হলে কমিটি সেই প্রস্তাব গ্রহণ করে।
আশিস শেলার বলেন, ‘যখন প্রয়োজন ছিল তখন তাঁর (শাহরুখ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি আমরা অনুভব করি, তাঁর মতো একজনকে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেওয়াটা ভালো দেখাচ্ছে না। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব করা হলে কমিটির সবাই একবাক্যে রাজি হয়ে যান।’
এদিকে বিষয়টি জানার পর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ এক টুইটার বার্তায় লিখেছেন, ‘আমার শ্বশুর আমাকে বুঝিয়েছেন, কে সঠিক আর কে ভুল তা বড় কোনো বিষয় নয়। সম্মানটাই সবচেয়ে বড়। আপনাদের উদারতার জন্য ধন্যবাদ এমসিএ।’
২০১২ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে শাহরুখ খানের বাগ্বিতণ্ডার অডিও শুনতে ক্লিক করুন।