নেটফ্লিক্সে শাহরুখের ছবি

শাহরুখ ভক্তদের জন্য সুখবরই বটে। প্রিয় তারকার ছবিগুলো দেখা যাবে আমেরিকান টিভি নেটওয়ার্ক নেটফ্লিক্স ওয়েবসাইটে। সম্প্রতি নেটফ্লিক্স ও শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়।
শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চলিস ও মার্কিন টিভি নেটওয়ার্ক নেটফ্লিক্স দীর্ঘমেয়াদি একটি চুক্তি করেছে। এখন থেকে শাহরুখ খানের আগের ছবি এবং ভবিষ্যতে মুক্তি পাওয়া ছবিগুলো দেখা যাবে সেই টিভি নেটওয়ার্কে। ভারতীয় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে নেটফ্লিক্সের এটাই প্রথম কোনো চুক্তি। প্রথম ছবি হিসেবে নেটফ্লিক্সে দেখা যাবে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিটি।
এই চুক্তিতে ভক্তরা রেড চিলিসের ডজন খানেক ছবি দেখতে পাবেন। পুরোনো ছবির পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে মুক্তি পাওয়া নতুন ছবিও দেখা যাবে। শাহরুখ খান একটি বিবৃতিতে বলেন, ‘রেড চিলিস বিশ্বব্যাপী বিনোদন দিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রথমবারের মতো আমাদের সেরা গল্পগুলো নেটফ্লিক্সে দেখা যাবে। পেরিয়ে যাবে সব ভৌগোলিক বাধা। ভক্তরা যে যেখানেই থাকুন, আর অপেক্ষা নয়।’
‘ডিয়ার জিন্দেগি’ ছাড়াও নেটফ্লিক্সে দেখা যাবে ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘দিলওয়ালে’ ও ‘ওম শান্তি ওম’। ইন্ডিয়ান এক্সপ্রেস।