নোট বদলানোর পক্ষে আমির-ঐশ্বরিয়া সহমত

ভারতে ৫০০, ১০০০ রুপির পুরোনো নোট বদলানোর সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশেও পড়েছে। বিশেষ করে পর্যটক কিংবা চিকিৎসার কারণে ভারতে যাওয়া বাংলাদেশিরা বেকায়দায় পড়ছেন বলে জানাচ্ছেন সেখানকার সংবাদকর্মীরা। ব্যাংকে, এটিএম বুথের সামনে ভারতীয়দের ভিড় প্রতিদিনই দেখা যাচ্ছে। জানা গেছে, এই পরিস্থিতিতে কেউ মোদির ‘নোট নীতির’ প্রশংসা করছেন, আবার কেউ বা দৈনন্দিন অসুবিধার কারণে সমালোচনা করছেন। গত এক সপ্তাহে গোটা দেশের চালচিত্র অনেকটা এমনই। এই পরিস্থিতিতে এবার মোদি পাশে পেলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ও অমিতাভ পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে।
আমির অভিনীত ‘দঙ্গল’ ছবির গান প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকেরা আমির খানকে নোট বাতিলের ব্যাপারে প্রশ্ন করে জানতে চান, এই পদক্ষেপের জন্য কি ‘দঙ্গল’-এর ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে? উত্তরে আমির জানিয়ে দেন, ‘দেশের স্বার্থ সব সময়ই বড়। এই স্বার্থের জন্য নেওয়া পদক্ষেপের জন্য তাৎক্ষণিকভাবে সমস্যা হলেও সেটাকে দীর্ঘমেয়াদিভাবে দেখতে হবে। দেশের স্বার্থের সামনে সবকিছুই তুচ্ছ, এমনকি আমার সিনেমাও।’
অন্য আরেকটি অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর নোট পরিবর্তনের সিদ্ধান্তটিকে সমর্থন জানান ঐশ্বরিয়া। তিনি বললেন, ‘একজন সাধারণ নাগরিক হিসেবে আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাব। দুর্নীতির বিরুদ্ধে এটা একটা বড় পদক্ষেপ। নিশ্চয়ই আপনার আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে। দেশের মানুষ সেটা বুঝবে। কোনো পরিবর্তনই সহজে হয় না। কিন্তু এখন আমাদের বড় স্বার্থের কথা ভাবতে হবে।’
বলিউড লাইফ, হিন্দুস্তান টাইমস।