নোট বাতিলের জন্য পেছাতে পারে ছবির মুক্তি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করায় বিপাকে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ। চলচ্চিত্র ব্যবসায়ও পড়েছে এর প্রভাব। ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর থেকে সাধারণের মধ্যে এ নিয়ে অসন্তোষও দেখা দেয়। ১১ তারিখে মুক্তি পাওয়া ‘রক অন ২’ ছবির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। ব্যবসা করতে পারছে না ১৮ তারিখে মুক্তি পাওয়া ‘তুম বিন ২ ’-ও। এদিকে চলচ্চিত্র ব্যবসার কথা চিন্তা করে নভেম্বর ও ডিসেম্বর মাসের সব ছবির মুক্তি পেছানোর অনুরোধ করেছেন ভারতের সেন্সর বোর্ডের প্রধান পেহেলাজ নিহালানি।
পেহেলাজ বলেন, নোট বাতিল করার পর বেশির ভাগ মানুষের হাতেই নগদ টাকার সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে তাঁদের পক্ষে পয়সা দিয়ে টিকিট কেটে ছবি দেখা কঠিন। তাই ছবির প্রযোজক ও পরিবেশকের লাভের কথা চিন্তা করেই নভেম্বর ও ডিসেম্বরে যেসব ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, তা পেছানোর অনুরোধ করেন তিনি। সেই ছবিগুলো আগামী বছর মুক্তি দেওয়ার পরামর্শও দেন পেহেলাজ। ধারণা করা হচ্ছে, তত দিনে ভারতের মানুষ নোট–সংকট কাটিয়ে উঠতে পারবেন। বলিউড হাঙ্গামা।